সেতাবগঞ্জে আজ থেকে শুরু হচ্ছে ফুটবল টুর্নামেন্ট
দিনাজপুর জেলার বোচাগঞ্জের সেতাবগঞ্জ পৌরসভার উদ্যোগে সেতাবগঞ্জ বড় মাঠে দ্বিতীয় মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট-১৬ আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন বলে জানা গেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বোচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আবদুস সবুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিলাব্রত কর্মকার, সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন এবং সাধারণ সম্পাদক মো. আফসার আলী।
টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. নূরুল আনোয়ার চৌধুরী বলেন, নকআউট ভিত্তিতে আটটি দল টুর্নামেন্টে অংশ নেবে। পাঁচ টাকা টিকিটের বিনিময়ে খেলা দেখার ব্যবস্থা রয়েছে।