সেতারে বাজলেন নীলাদ্রি কুমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেতার বাজালেন নীলাদ্রি কুমার। তবলায় সঙ্গে থাকলেন পণ্ডিত বিজয় জয়ন্ত ঘাটে l ছবি: সুমন ইউসুফ
সেতার বাজালেন নীলাদ্রি কুমার। তবলায় সঙ্গে থাকলেন পণ্ডিত বিজয় জয়ন্ত ঘাটে l ছবি: সুমন ইউসুফ

নীলাদ্রি কুমারের পরিচয় ঠিক কীভাবে দেওয়া যেতে পারে? রবিশঙ্কর, বিলায়েৎ খাঁ, নিখিল ব্যানার্জির মতো শিল্পীদের পরে অনেক গুণী সেতারের প্রতিনিধিত্ব করেছেন। তবে একালের প্রতিনিধি আনুশকা শঙ্কর, পূর্বায়ণ চ্যাটার্জি, নীলাদ্রি কুমাররাই।

নীলাদ্রি গতকাল ঢাকা মাতিয়েছেন সেতার শুনিয়ে। রাজধানীর বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারের হল অব ফেমে রাত আটটা থেকে শুরু হয় ‘ভয়েজ অব স্ট্রিংস বাই নীলাদ্রি কুমার’। আয়োজনটি হলো ব্লুজ কমিউনিকেশনসের ব্যবস্থাপনা ও ইবিএল ডাইনার্স ক্লাবের পরিবেশনায়। মিডিয়া পার্টনার চ্যানেল আই ও রেডিও পার্টনার এবিসি রেডিও।

চার বছর থেকে বাবা কার্তিক কুমারের কাছে হাতেখড়ি নীলাদ্রির। বাবা ছিলেন পণ্ডিত রবিশঙ্করের শিষ্য। ছয় বছর বয়সে মঞ্চে প্রথম পরিবেশনা নীলাদ্রির। পরিণত হয়ে সেতারে শাস্ত্রীয় ও আধুনিক সংগীতের মেলবন্ধন ঘটিয়েছেন। ফ্লোটিং পয়েন্ট অ্যালবামে কাজ করেছেন জ্যাজ কিংবদন্তি জন ম্যাকলাফলিনের সঙ্গে। সেই অ্যালবামটি বিলবোর্ডের টপচার্টে স্থান পেয়েছিল। ওস্তাদ জাকির হোসেনের সঙ্গে ঘুরেছেন সারা বিশ্ব। জাকির হোসেন ও মার্কিন পারকাশনিস্ট মাইকি হার্টের সঙ্গে বাজিয়েছেন গ্র্যামিজয়ী অ্যালবাম গ্লোবাল ড্রাম প্রজেক্টে।

বলিউডেও নিয়মিত কাজ করে গেছেন নীলাদ্রি কুমার। নিজের উদ্ভাবিত ইলেকট্রিক সেতার ‘জিতার’ তরুণদের কাছে ভীষণ জনপ্রিয়। তাঁর সেতারের ২০টি স্ট্রিংস বা তার, আর জিতারের মাত্র ৫টি। সমান দক্ষতায় গতকাল দুটোতেই তিনি তুললেন মোহনীয় সুর। তাঁর সঙ্গে তবলায় সংগত করেছেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত পণ্ডিত বিজয় জয়ন্ত ঘাটে।

শুরুতেই নীলাদ্রি বললেন, বাবার কাছে ছোটবেলা থেকেই ঢাকার অনেক গল্প শুনেছেন। এখানকার শ্রোতা, এখানকার খাবার, এখানকার সংস্কৃতি নিয়ে অনেক রকম গল্প। সেসব শুনে শুনে খুব ইচ্ছা হতো ঢাকায় আসতে। সেই ইচ্ছা এবার পূরণ হলো।

পরিবেশনা শুরু হলো রাগ শ্রী দিয়ে। নীলাদ্রি রাগ নিয়ে কথা খুব একটা বলতে চান না। সুর তাঁকে যেভাবে প্রবাহিত করে, সেদিকেই তিনি যান। নিজে নিমজ্জিত হন, শ্রোতারাও করেন সুরে অবগাহন। নীলাদ্রি সেতারে প্রচণ্ড শারীরিক শ্রমে যখন সুর তোলেন, শ্রোতাদের চোখ আর্দ্র হয়।

নীলাদ্রি তাঁর সংগীত নিয়ে নিরীক্ষাও করেন প্রচুর। সপাট তানে তাঁর দক্ষতা যেমন অতুলনীয়, তেমনি তবলি (সেতারের নিচের গোল অংশ) দিয়ে তিনি সুরকে ইচ্ছেমতো আকারও দিতে পারেন। আঙুল দিয়ে দেখিয়েও দিতে পারেন তা।

১৫ বছর বয়সে নীলাদ্রির দাদু মারা যান। খুব কম জিনিসই তিনি শিখতে পেরেছেন দাদুর কাছ থেকে। তারই একটি বন্দিশ গতকাল শোনালেন নীলাদ্রি। বন্দিশটি ছিল রাগ ঝিঁঝিটের ওপর।

এই পরিবেশনার শ্রোতারা নীলাদ্রি ও বিজয়কে দাঁড়িয়ে অভিবাদন জানান। দর্শকদের একজন বললেন, কীভাবে শরীরের প্রতিটি অঙ্গ দিয়ে সেতার বাজান তিনি! প্রায় গিটারের মতো করে! সারা দিন সেতার নিয়েই পড়ে থাকেন?

ওদিকে নীলাদ্রি আবার শুরু করেন নতুন পরিবেশনা। যে ধুনটি প্রায় পরিবেশনাতেই বাজান তিনি, সেটি বাজাতে বাজাতে হঠাৎই সেতার ছেড়ে চলে যান জিতারে। পরিবেশনার শেষে ইস্টার্ণ ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আলী রেজা ইফতেখার এবং বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের শিল্পীদের শুভেচ্ছা জানান।