সেতু, কারখানা ঝুঁকিতে ফেলে বালু তোলা চলছে
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় শীতলক্ষ্যা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় হুমকির মুখে পড়েছে ওই এলাকার দুটি সেতু, অন্তত ১৫টি শিল্প কারখানা, ও সাওরাইদ-একুতা-তারাগঞ্জ-বেড়িবাঁধ। বালু উত্তেলনের কারণে এলাকার কয়েক শ হেক্টর আবাদি জমি নদী ভাঙনে বিলীন হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। গত ২৩ জুন সরজমিন কালীগঞ্জের একুতা, দিঘুয়া, মুক্তারপুর ও নদীর ওপাড়ে নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর এলাকা ঘুরে লোকজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, পলাশ উপজেলার প্রভাবশালী রনি, ছোটন, মজনু, তুষার, আশরাফ এবং তাদের সহযোগীরা এসব এলাকায় নদী থেকে বালু তোলার সঙ্গে জড়িত। তবে এব্যাপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি। একুতা গ্রামের ব্যবসায়ী শরীফ ও ট্রলার শ্রমিক মনসুর আহমেদ জানান, অবাধে বালু তোলায় নদীভাঙনে জমি বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। কাপাসিয়া এলাকায় বছর দশেক আগে যেভাবে বিশাল এলাকা দেবে গিয়েছিল কালীগঞ্জেও অনুরূপ ঘটনা ঘটার আশঙ্কা করছেন তিনি। দিঘুয়া গ্রামের শাহজাহান জানান, বালু উত্তোলনের ফলে নদীতীরের জমিগুলো নদীতে বিলীন হয়ে যাচ্ছে। গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের সাংসদ মেহের আফরোজ চুমকি ভূমি মন্ত্রীকে কালীগঞ্জের চরাঞ্চল থেকে বালু তোলা বন্ধের উদ্যোগ নিতে এবং কাউকে বালু তোলার অনুমতি না দেওয়ার জন্য লিখিতভাবে আবেদন জানিয়েছিলেন। ওই আবেদনের প্রেক্ষিতে ভূমি মন্ত্রণালয়ের নির্দেশে এ ব্যাপারে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি প্রতিবেদন তৈরি করা হয়। গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুব্রত পাল চৌধুরী, কালীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মান্নান স্বাক্ষরিত ওই প্রতিবেদনে জানা গেছে, শীতলক্ষা নদী থেকে বালু তোলার কারণে পলাশের চরসিন্দুর থেকে কালীগঞ্জের জামালপুর পর্যন্ত শীতলক্ষ্যা নদীর তীরের প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে ভাঙনের আলামত লক্ষ্য করা গেছে। একই কারণে কালীগঞ্জের শহীদ ময়েজ উদ্দিন সেতু, পুরনো রেল সেতু এবং অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এলাকাবাসী অভিযোগ করেছেন, বালু উত্তোলনকারীরা কালীগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে দিনরাত অবৈধভাবে বালু তোলা অব্যাহত রেখেছেন। এ কারণে কালীগঞ্জের একুতা, দিঘুয়াসহ মুক্তারপুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে বড় ধরনের ভূমিধসের আতঙ্কে আছেন এলাকাবাসী।গাজীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন তালুকদার গত ১২ মে ভূমি মন্ত্রণালয়ের সচিব বরাবর এক লিখিত প্রতিবেদনে জানিয়েছেন শীতলক্ষ্যা নদীর কালীগঞ্জ ও কাপাসিয়া এলাকায় বালু তোলা হলে কালীগঞ্জের শহীদ ময়েজ উদ্দিন সেতু, পুরনো রেল সেতু এবং অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। জেলা প্রশাসক বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করার জন্য এবং জনসাধারণের যাতে ক্ষতি না হয় সে ব্যাপারে আমি এখনই আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিচ্ছি।’