সেতু, সড়ক ঝুঁকিতে রেখে বালু ও মাটি উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পূর্ব উজানচর মাখন রায়ের পাড়ায় সেতুর পাশ থেকে শ্যালোইঞ্জিন দিয়ে অবৈধভাবে বালু ও মাটি তোলা হচ্ছে। দুই দিন ধরে সেতুর ১০০ গজের মধ্য থেকে এভাবে বালু তোলা চলছে। ব্যক্তিগত কাজে মরাপদ্মা নদী থেকে এভাবে বালু ও মাটি উত্তোলন করায় সড়ক ও সেতু উভয়ই হুমকির মুখে পড়ার আশঙ্কা করছেন স্থানীয় লোকজন।সরেজমিনে দেখা গেছে, সেতুর পাশেই নতুন একটি বাজার গড়ে উঠছে। সেখানে দোকানঘর নির্মাণের জন্য বালু ও মাটি উত্তোলন করে জমি ভরাট করা হচ্ছে। গত শুক্রবার সকাল থেকে ভাড়া করা শ্যালোইঞ্জিন দিয়ে উত্তোলন করা হচ্ছে বালু। এ জন্য স্থানীয় ভূমি কার্যালয় বা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অনুমোদন নেওয়া হয়নি। মালেক শেখ ওরফে মালেক সাধু নামের এক ব্যক্তি এভাবে বালু তুলছেন বলে জানা গেছে।শ্রমিক মো. ইউনুছ শেখ জানান, দুদিন আগে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর থেকে তাঁদের ভাড়া করা হয়েছে। প্রতি হাজার ঘনফুট বালু ও মাটি এক হাজার ২০০ টাকার বিনিময়ে কেটে দেবেন বলে চুক্তি হয়েছে। শুক্রবার দুপুর থেকে বালু তোলার কাজ শুরু করেন তাঁরা।ঘটনাস্থলে বালু উত্তোলনকারী মালেক সাধুকে না পেলেও তাঁর বড় ছেলে মো. কুদ্দুস শেখকে শ্রমিক দিয়ে জমি ভরাটের কাজে ব্যস্ত থাকতে দেখা গেছে। এ সময় কুদ্দুস শেখ জানান, নতুন এই বাজারের রাস্তার পাশ ধরে তাঁদের বেশ কিছু জমি রয়েছে। বাজারে কিছু নতুন দোকানঘর তৈরির জন্য বালু ও মাটি তোলা হচ্ছে। বাইরে থেকে মাটি না পাওয়ায় নদী থেকে তোলা হচ্ছে। কার অনুমতি নিয়ে মাটি কাটছেন জানতে চাইলে তিনি পাশে দাঁড়ানো রোকন শেখকে দেখিয়ে দেন।জমির মালিক দাবি করে রোকন শেখ বলেন, ‘মালেক সাধু আমার কাছে জমি ভরাটের জন্য কিছু মাটি চাইলে আমি সম্পর্কের খাতিরে তাঁকে দিতে রাজি হই।’ সেতুর পাশ থেকে এভাবে বালু ও মাটি কাটলে সড়ক ও সেতু ভেঙে পড়তে পারে কি না জানতে চাইলে তিনি বলেন, বেশি গভীর করে কাটলে মাটি ভেঙে রাস্তা ও সেতুর ক্ষতি হতে পারে।স্থানীয় ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য এজাজ আহম্মেদ বলেন, ‘আমি আজ (শনিবার) সকালে গোয়ালন্দ বাজারে আসার সময় বালু কাটতে দেখেছি। সেতু ও সড়কের মাত্র ১০০ গজের মধ্য থেকে এভাবে মাটি কাটা ঠিক হচ্ছে না। এভাবে যদি কাটতে থাকে, তাহলে সেতু ও সড়ক অবশ্যই ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে।’উজানচর ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা সুকুমার দত্ত বলেন, ‘কয়েক দিন আগে উজানচর মরাপদ্মা নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ পাওয়ার পর তা বন্ধ করে দিয়েছি। সেতুর পাশ থেকে নতুন করে বালু উত্তোলনের বিষয় আমার জানা নেই। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’পাউবো রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘জেলার বিভিন্ন জায়গায় এভাবে বালু উত্তোলনের অভিযোগ পেতে পেতে আমরা এখন অস্থির হয়ে গেছি। উজানচরের বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।