সেতু অচল, তার পরও চলাচল
নির্মাণের ১১ বছর পরও কোনো সংস্কার না করায় পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের আধআনি খালের সেতুটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এতে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজারের বেশি শিক্ষার্থীসহ এলাকাবাসী ভোগান্তি পোহাচ্ছে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের গলাচিপা কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৯-২০০০ অর্থবছরে গজালিয়ার আধআনিখালের ওপর ২৮০ ফুট দীর্ঘ এ সেতু নির্মাণ করা হয়। তিন বছর আগে সেতুর একটি অংশ দেবে যায়। পরে এর বিভিন্ন অংশ ভেঙে যায়। এরপর থেকে সেতুটি দিয়ে পারাপার ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।গজালিয়া ইউপির সাবেক চেয়ারম্যান গাজী মো. ইউসুফ জানান, এ সেতুটি সংস্কারের জন্য বেশ কয়েক দফায় কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলেন। কিন্তু এলজিইডি এ আবেদনে কোনো সাড়া দেয়নি। গজালিয়ার মধ্যহরিদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মতিউর রহমান জানান, গজালিয়ার চরচন্দ্রাই আমজাদ হোসেন মাধ্যমিক বিদ্যালয়, বাহের গজালিয়া দাখিল মাদ্রাসা, বাহেরগজালিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং গজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক হাজারের বেশি শিক্ষার্থীকে এ সেতুটি পার হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হয়। সেতুটি ভাঙাচোরা অবস্থায় থাকায় পার হতে গিয়ে প্রায় প্রতিদিনই কোনো না কোনো শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটছে।গজালিয়ার বাসিন্দা মো. হুমায়ূন কবির জানান, এলাকার কয়েক শ মানুষ প্রতিদিন ইউনিয়ন পরিষদ ও উপজেলা সদরে যেতে এ সেতুটি ব্যবহার করে। কিন্তু এখন অবস্থা খারাপ হওয়ায় তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।এলাকাবাসীর অভিযোগ, এত তাড়াতাড়ি এ সেতুর অবস্থা এত খারাপ হতো না। নির্মাণের সময় সেতুটিতে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছে। এ ধরনের সেতু তৈরিতে রেললাইনের স্লিপার ব্যবহারের নির্দেশনা থাকলেও কোনো স্লিপার দেওয়া হয়নি। এ ছাড়া সেতুর খুঁটিতে যে মাপের লোহার বার ব্যবহার করা প্রয়োজন ছিল, তা করা হয়নি। তাই এত অল্প সময়ে সেতুটি ভেঙে পড়েছে।সেতু নির্মাণের সময় এলজিইডির গলাচিপা কার্যালয়ে কর্মরত অনেক কর্মকর্তা বদলি হয়ে গেছেন। তাই তাঁদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। উপজেলা প্রকৌশলী জি এম শাহাবুদ্দিন জানান, সেতুটি সংস্কারের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।