সেতু আছে, সড়ক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবীনগর উপজেলা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে যাতায়াতের জন্য সড়ক তিনটি। সড়ক তিনটিরই প্রায় এক চিত্র: কিছু অংশ কাঁচা, এরপর পাকা, আবার কাঁচা। কাঁড়ি কাঁড়ি টাকা ব্যয়ে নির্মিত সেতু আছে। তবে সড়ক তিনটির কোনোটিই পূর্ণতা না পাওয়ায় সেতুগুলো কাজে লাগে না। এলাকাবাসীকে যুগ যুগ ধরে জেলা সদরে যাতায়াত করতে হচ্ছে ট্রলার ও নৌকাযোগে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালের ১২ মে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত এক জনসভায় এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে নবীনগরের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া সদরের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে ‘অচিরেই’ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। ওই নির্দেশ দিয়ে জনসভা ছাড়েন প্রধানমন্ত্রী। এরপর পেরিয়ে গেছে ২০টি মাস। সড়ক ও জনপথ (সওজ) এবং স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের (এলজিইডি) স্থানীয় কার্যালয় সূত্রমতে, নবীনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে যাতায়াতের জন্য তিনটি সড়কের মধ্যে এলজিইডির আওতাধীন ‘মহেশ সড়ক’ ২০ কিলোমিটার দীর্ঘ, সওজের আওতাধীন ‘রাধিকা সড়ক’ ১৯ কিলোমিটার দীর্ঘ এবং সওজ ও এলজিডির যৌথ আওতাধীন ‘নবীনগর-ব্রাহ্মণবাড়িয়া সড়ক’ মাত্র ১৫ কিলোমিটার দীর্ঘ।সংশ্লিষ্ট দপ্তরে খোঁজ নিয়ে ও সরেজমিনে ঘুরে দেখা গেছে, মহেশ সড়কের বটতলী থেকে বিটঘর পর্যন্ত সাত কিলোমিটার রাস্তার মধ্যে প্রায় তিন কিলোমিটার পাকা। বাকি চার কিলোমিটার কাঁচা। বিটঘর থেকে কুড়িঘর পর্যন্ত নয় কিলোমিটার পাকা। আবার কুড়িঘর থেকে গোকর্ণঘাট পর্যন্ত চার কিলোমিটার কাঁচা। ২০০৬-০৭ অর্থবছরে সোয়া তিন কোটি টাকা ব্যয়ে কুড়িঘর থেকে গোকর্ণঘাট পর্যন্ত চার কিলোমিটার কাঁচা সড়কে দুটি কালভার্ট ও তিনটি বড় সেতু নির্মাণ করা হলেও বর্তমানে অ্যাপ্রোচ সড়কহীন ওই সেতুগুলোর দুই পাড়ে পর্যাপ্ত মাটিও নেই। তবে জীবনের ঝুঁকি নিয়েই ভাড়া করা মোটরসাইকেলযোগে সেখান দিয়ে চলাচল করছে এলাকার শত শত মানুষ। কারণ জেলা সদরে যাতায়াত করতে নৌকাযোগে সময় লাগে আড়াই ঘণ্টা। এই সড়কটিকে যাতায়াতের জন্য উপযোগী করতে সংস্কার ও উন্নয়নকাজের পাশাপাশি গোকর্ণঘাটে তিতাস নদীর ওপর একটি এবং রাধানগর এলাকায় বুড়ি নদীর ওপর আরেকটি সেতু তৈরি করতে হবে। রাধিকা সড়কে ব্রাহ্মণবাড়িয়া থেকে বিরামপুর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা পাকা থাকলেও বিরামপুর থেকে নবীনগর পর্যন্ত বাকি ১৬ কিলোমিটার পুরোটাই কাঁচা। বিগত আওয়ামী লীগ ও বিএনপি আমলে সড়কটির কণিকাড়া বুড়ি নদী ও ব্রাহ্মণহাতা তিতাস নদীর ওপর প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে দুটি বড় সেতু নির্মাণ করা হয়েছে। তবে সেতু দুটি কোনো কাজেই আসছে না। সড়কটির বিরামপুর থেকে বারো আউলিয়া বিল পর্যন্ত চার কিলোমিটার এবং নবীনগরের কাইতলার ব্রাহ্মণহাতা থেকে নবীনগর সদর পর্যন্ত ১২ কিলোমিটার সড়কে সংস্কার ও উন্নয়ন করতে হবে। এ ছাড়া নবীনগর-ব্রাহ্মণবাড়িয়া সড়কের ব্রহ্মণবাড়িয়ার গোকর্ণঘাট থেকে সাদেকপুর পর্যন্ত ছয় কিলোমিটার রাস্তা পাকা থাকলেও সাদেকপুর থেকে নবীনগরের কৃষ্ণনগর পর্যন্ত পাঁচ কিলোমিটার রাস্তা এখনো তৈরি হয়নি। আবার কৃষ্ণনগর থেকে মনতলী হয়ে নবীনগর সদর পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়ক পাকা হলেও বর্তমানে এর দশা বেহাল। সড়কটিতে সংস্কার ও উন্নয়নকাজ ছাড়াও মনতলী ও কৃষ্ণনগরে তিতাস নদীর ওপর আরও দুটি সেতু নির্মাণ করতে হবে। এলাকাবাসী জানায়, সড়কের কাঁচা অংশগুলো বর্ষাকালে সম্পূর্ণ তলিয়ে থাকে পানির নিচে। বর্ষাকাল শেষে পানি নেমে যাওয়ার পর সেগুলোকে আর রাস্তা মনে হয় না। তাদের অভিযোগ, প্রতিবার সংসদ নির্বাচনের আগে সড়কের ব্যাপারে বারবার প্রতিশ্রুতি এলেও নির্বাচনী বৈতরণী পার হওয়ার পর জনপ্রতিনিধিরা ভুলে যান সে প্রতিশ্রুতির কথা। ফলে আজ পর্যন্ত পূর্ণতা পায়নি একটি সড়কও। ফলে লঞ্চ, ট্রলার ও নৌকাযোগে প্রায় আড়াই ঘণ্টা সময় ব্যয় করে জেলা সদরে যাতায়াত করতে হচ্ছে তাদের। খোদ প্রধানমন্ত্রীর নির্দেশ জনমনে আশার সঞ্চার করলেও এখন সে আশা পরিণত হয়েছে হতাশায়। উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামসুল হক ক্ষোভের সঙ্গে বলেন, ‘স্বাধীনতার ৪০ বছরেও জেলা সদরের সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপিত না হওয়াটা নবীনগরবাসীর জন্য খুবই পীড়াদায়ক।’নবীনগরের উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জিয়াউল ইসলাম মজুমদার জানান, মহেশ সড়কটি একনেকে অনুমোদন হয়ে ইতিমধ্যে এলজিইডির আরটিআইপি-২ প্রকল্পের ডিপিপিভুক্ত হয়েছে। এখন প্রয়োজনীয় অর্থ ছাড় করে দরপত্র আহ্বান করলেই কাজ শুরু করা যাবে। ব্রাহ্মণবাড়িয়া সওজের সদ্য বদলি হওয়া নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম জানান, নবীনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া ও আশুগঞ্জে যাতায়াতের জন্য দুটি সড়কই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুমোদনের জন্য পাঠানো আছে। অনুমোদন পাওয়া গেলেই আনুষঙ্গিক কাজ শুরু করা যাবে।ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, ‘নবীনগর থেকে জেলা সদরে যাতায়াতের তিনটি সড়কের মধ্যে মহেশ সড়কের বেশির ভাগ কাজ করা আছে। তাই এই সড়কের অসমাপ্ত রাস্তা ও সেতু দ্রুত নির্মাণের জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে।’