সেতু আছে, ওঠার সড়ক নেই

কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নে সাতটি গ্রামের বাসিন্দাদের চলাচলের সুবিধার্থে নুইন্যামুইন্যা খালের ওপর একটি সেতু নির্মাণ করা হয়। কিন্তু নির্মাণের দেড় বছরেও সংযোগ সড়ক না হওয়ায় সেতুটি এলাকাবাসীর কাজে আসছে না। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাত গ্রামের মানুষকে। এদিকে সংযোগ সড়ক তৈরি না করলেও প্রকল্পের পুরো অর্থ তুলে নিয়েছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান।
পেকুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্র জানায়, পেকুয়া সদর ইউনিয়নের টেকপাড়া, বাংলাপাড়া, পূর্ব বাইম্যাখালী, পূর্ব গোঁয়াখালী, মইয়াদিয়া, ছিরাদিয়া-এ সাতটি গ্রামের যোগাযোগব্যবস্থা সহজ করতে নুইন্যামুইন্যা খালের ওপর সেতুটি নির্মাণ করা হয়। ২০১৫-১৬ অর্থবছরে ২৯ লাখ ৬১ হাজার ৬০৭ টাকা ব্যয়ে এ সেতুটির নির্মাণকাজ করে চকরিয়ার আরহাব কনস্ট্রাকশন। ঠিকাদারি প্রতিষ্ঠান গত বছরের ৩০ জুন কর্তৃপক্ষকে সেতুটির কাজ বুঝিয়ে দেয়। প্রকল্পের অর্থ বরাদ্দ দিয়েছে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। সেতুটির দুই পাশে ৫০ ফুট দৈর্ঘ্যের সংযোগ সড়কও নির্মাণের কথা ছিল।
গত বুধবার বিকেলে গিয়ে দেখা যায়, আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া (এবিসি) মহাসড়কের পেকুয়া উপজেলার নুইন্যামুইন্যা এলাকা থেকে টেকপাড়ার দিকে যেতে একটি ইট বিছানো সড়ক রয়েছে। সড়কের শুরুতে ৪০ ফুট দৈর্ঘ্যের একটি নতুন সেতু। সেতুতে ওঠার ও নামার কোনো সড়ক না থাকায় যানবাহন চলাচল বন্ধ। মাটির সরু সড়ক দিয়ে উঠে সেতুর ওপরে কয়েকজন নারী গোবরের লাকড়ি শুকাতে দিয়েছেন।
স্থানীয় বাসিন্দা নুরুল আমিন বলেন, সেতুটি নির্মাণ করেই দেড় বছর ধরে ফেলে রাখা হয়েছে। সেতুতে উঠতে ও নামতে সড়ক না দেওয়ায় সেতুটি কোনো কাজেই আসছে না। এ কারণে আশপাশের গ্রামের মানুষ কোনো বাহন নিয়ে চলাচল করতে পারছে না।
বাংলাপাড়ার বাসিন্দা রেশমিন আকতার বলেন, সেতুটি নির্মিত হওয়ায় এলাকার মানুষ খুশি হয়েছিল। কিন্তু রাস্তা না থাকায় কোনো গাড়ি চলে না। বাচ্চারা স্কুলে যাচ্ছে পুরো পথ হেঁটে।
সংযোগ সড়ক তৈরি না করার বিষয়ে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠান আরহাব কনস্ট্রাকশনের প্রতিনিধি শফিকুল কাদের প্রথম আলোকে বলেন, স্থানীয় লোকজন আশপাশের জায়গা থেকে মাটি নিতে দিচ্ছে না। এ কারণে সেতুটির সংযোগ সড়ক এখনো তৈরি করা সম্ভব হয়নি। তবে যেকোনোভাবে কয়েক দিনের মধ্যে মাটি দিয়ে সেতুটি চলাচলের উপযোগী করা হবে বলেও তিনি দাবি করেন।
পেকুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশ প্রথম আলোকে বলেন, বরাদ্দের সমুদয় বিল তুলে নিলেও সমস্যা নেই। জামানতের টাকা এখনো রয়েছে। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে সংযোগ সড়ক তৈরি করে দিতে আবারও তাগাদা দেওয়া হবে। কেউ মাটি নিতে বাধা দিলে প্রয়োজনে প্রশাসনের সহায়তা নেওয়া হবে।