সেতু আছে, নেই সংযোগ সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর কিশোরগঞ্জ সদর ইউনিয়নের ইসমাইলের দোলায় নির্মিত সেতুর দুই পাশে সংযোগ সড়ক নেই। এতে স্থানীয় লোকজন ভোগান্তির শিকার হচ্ছে। ছবিটি গত বৃহস্পতিবার তোলা l প্রথম আলো
নীলফামারীর কিশোরগঞ্জ সদর ইউনিয়নের ইসমাইলের দোলায় নির্মিত সেতুর দুই পাশে সংযোগ সড়ক নেই। এতে স্থানীয় লোকজন ভোগান্তির শিকার হচ্ছে। ছবিটি গত বৃহস্পতিবার তোলা l প্রথম আলো

নীলফামারীর কিশোরগঞ্জ সদর ইউনিয়নের ইসমাইলের দোলা এলাকায় সেতু নির্মাণ করা হলেও সংযোগ সড়কের অভাবে সেটি কাজে আসছে না। এতে দুই কিলোমিটার পথের জন্য আরও প্রায় আট কিলোমিটার পথ পাড়ি দিতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন ভোগান্তির শিকার হচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইসমাইলের দোলা এলাকায় ২০১৫-১৬ অর্থবছরে ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ৩২ লাখ ৫২ হাজার ৬৫৩ টাকা ব্যয়ে ৪০ ফুট দৈর্ঘ্যের ওই সেতু নির্মাণ করা হয়। মেসার্স মিনারা এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান ওই সেতুটি নির্মাণ করে।
গত বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, ইসমাইলের দোলার একটি খালের ওপর দাঁড়িয়ে আছে সেতুটি। ওই সেতুর দুই পাশে কোনো সংযোগ সড়ক নেই। এ সময় কামারপাড়া গ্রামের আশরাফুল আলম (৪৫) বলেন, ইসমাইলপাড়া থেকে কামারপাড়ার দূরত্ব দুই কিলোমিটার। কিন্তু ইসমাইলের দোলায় ওই খালের কারণে লোকজনকে প্রায় আট কিলোমিটার ঘুরে কিশোরগঞ্জ উপজেলা শহরে আসা–যাওয়া করতে হচ্ছে। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে চলতি অর্থবছরে ওই খালের ওপর সেতু নির্মাণ করা হয়, কিন্তু দুই পাশে কোনো রাস্তা না থাকায় এটি কাজে আসছে না।
একই গ্রামের ফেরদৌস হোসেন বলেন, ‘শুধু ইসমাইল গ্রামই না, পাশের চান্দখানা ইউনিয়নের নগরবন্দ, বাহাগিলি ইউনিয়নের নান্নুর বাজারসহ দূরদূরান্তের প্রায় ১০ হাজার মানুষের উপজেলা শহরের সঙ্গে যোগাযোগের এটি একটি সোজা রাস্তা। কিন্তু তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে খালের ওপর সেতু হলেও সংযোগ সড়কের অভাবে এটি আমরা ব্যবহার করতে পারছি না।’
কিশোরগঞ্জ শিশুনিকেতন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র আরমান আলী বলে, ‘সেতুর দুই প্রান্তে মাটি ভরাট না হওয়ায় সেতুটি আমাদের কোনো কাজে আসছে না। আগে সেখানে বাঁশের সাঁকো দিয়ে হলেও পারাপার হওয়া যেত, এখন ওই সেতুটাই বাধা হয়ে আছে। এ কারণে সেতুর অপর প্রান্তের শিক্ষার্থীদের অতিরিক্ত সাত–আট কিলোমিটার পথ পাড়ি দিয়ে স্কুল–কলেজে যাতায়াত করতে হচ্ছে।’
জানতে চাইলে কিশোরগঞ্জের অতিরিক্ত দায়িত্বে থাকা জলঢাকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন গতকাল রোববার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি আগস্ট মাসে কিশোরগঞ্জের অতিরিক্ত দায়িত্ব নিয়েছি। এর আগের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজ শেষ হওয়ার আগে বেশির ভাগ টাকা ঠিকাদারকে পরিশোধ করেছেন। এ কারণে ঠিকাদার কাজ না করে পালিয়ে বেড়াচ্ছেন। তাঁদের (ঠিকাদার) দেওয়া মুঠোফোন নম্বরে কল করলেও তাঁরা ধরেন না। আমি ইতিমধ্যে কাজ সম্পন্ন করার ব্যাপারে চিঠিও দিয়েছি। দু-এক দিনের মধ্যে এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে তৎকালীন কিশোরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সেতুর দুই ধারে মাটি ভরাট করার জন্য ঠিকাদারকে বলা হয়েছে। মাটি ভরাটের টাকা এখনো ঠিকাদারকে দেওয়া হয়নি। মাটি ভরাট না করা পর্যন্ত ঠিকাদার চূড়ান্ত বিল নিতে পারবেন না।