সেতু আছে, সংযোগ সড়ক নেই

বগুড়ার ধুনটে মোহনপুর-সোনারগাঁ রাস্তায় সংযোগ সড়ক নির্মাণ না করায় প্রায় ২৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুটি এলাকাবাসীর কোনো কাজে আসছে না।
অভিযোগ উঠেছে ঠিকাদার সেতু নির্মাণ ব্যয়ের পুরো টাকা উত্তোলন করলেও সংযোগ সড়ক এখনো নির্মাণ করা হয়নি।
ধুনট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর নিয়ন্ত্রণাধীন সেতু-কালভার্ট নির্মাণ কর্মসূচির অর্থায়নে ২৯ লাখ টাকা ব্যয়ে উপজেলার চিকাশি ইউনিয়নের মোহনপুর-সোনারগাঁ বালিয়ামারা খালের ওপর জামিনুর খন্দকারের বাড়ির কাছে ২০১৫ সালের ২৫ এপ্রিল ৪০ ফুট দীর্ঘ একটি আরসিসি সেতু নির্মাণ করা হয়। এই সেতু নির্মাণের দায়িত্বে ছিল মেসার্স মোল্লা কনসট্রাকশন। ঠিকাদার এই সেতু নির্মাণের সময় সেখানে সংযোগ সড়ক নির্মাণ না করেই বরাদ্দের পুরো টাকা তুলে নিয়েছেন।
এলাকাবাসীর অভিযোগ সেতুটি নির্মাণকাজের ঠিকাদার নামমাত্র দায়িত্বে ছিলেন। পুরো কাজের দেখভালের দায়িত্বে ছিলেন পিআইও রিয়াজুল ইসলাম। এ কারণে তদারকি কর্মকর্তা রিয়াজুল ইসলামের সঙ্গে চুক্তি করেই সেতুর সংযোগ সড়ক না করেই পুরো টাকা উত্তোলন করা সম্ভব হয়েছে।
সোনারগাঁ গ্রামের আফসার আলী বলেন, ‘সেতু নির্মাণের আগেই রাস্তা ভালো ছিল। পায়ে হাইটা ও ভ্যান-রিকশা নিয়া চলাচল করা গেছে। এখন সেতু নির্মাণ করার পরও সংযোগ সড়ক না থাকায় আর ওই রাস্তায় চলাচল করা যায় না।’
মোহনপুর গ্রামের সানাউল হক বলেন, সেতু নির্মাণের বরাদ্দ পুরো অর্থ উত্তোলন করা হয়েছে। অথচ প্রায় এক বছর হলো সেখানে সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। ফলে এলাকাবাসী ওই রাস্তায় চলাচল করতে পারছেন না। ওই গ্রামের ভ্যানচালক শাহজাহান আলী বলেন, ‘সড়ক না থাকায় ভ্যান নিয়া সেতুর ওপর দিয়া যাওয়া যায় না। প্রায় আড়াই কিলোমিটার দূর দিয়া ঘুইরা যাইতে হয়।’
এ ব্যাপারে পিআইও রিয়াজুল ইসলাম বলেন, সেতু নির্মাণের সময় খননযন্ত্র দিয়ে বালু উত্তোলন করে সেখানে কিছু মাটি ভরাট করা হয়। গত বন্যায় পানির স্রোতে সেগুলো ভেসে গেছে। নতুন বরাদ্দ পেলে আবারও সেখানে মাটি ভরাট করা হবে।