সেতু আছে, সংযোগ সড়ক নেই
সাড়ে ১১ কোটি টাকা ব্যয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বেগমগঞ্জ-ঘুষগাঁও সড়কের ঘুষগাঁও এলাকায় নলজুর নদীর ওপর নির্মাণ করা হয়েছে সেতুটি। ঘটা করে এর উদ্বোধনও করা হয়। কিন্তু এক পাশে সংযোগ সড়ক আর নির্মাণ করা হয়নি। এই সংযোগ সড়ক নির্মাণের জন্য জমি অধিগ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে সম্প্রতি। কবে নাগাদ সংযোগ সড়ক নির্মিত হবে, তাও নিশ্চিত করে বলতে পারছেন না সংশ্লিষ্ট ব্যক্তিরা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সুনামগঞ্জ কার্যালয় থেকে জানা গেছে, নলজুর নদীর ওপর ২০১১ সালের মাঝামাঝি সময়ে ওই সেতুর নির্মাণকাজ শুরু হয়। ১১ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে ১৪৯ মিটার দৈর্ঘ্যের ওই সেতুর নির্মাণকাজ শেষ হয় ২০১৩ সালে নভেম্বরে। ২৩ নভেম্বর সেতুর উদ্বোধন করেন স্থানীয় সাংসদ অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। কিন্তু সেতুর এক পাশে সংযোগ সড়ক না থাকায় জগন্নাথপুর-আউশকান্দি সড়কে সরাসরি যান চলাচল করতে পারছে না।
উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বেগমগঞ্জ থেকে সংযোগ সড়কটি নলজুর সেতু হয়ে ঘুষগাঁও এলাকায় জগন্নাথপুর-আউশকান্দি সড়কে যুক্ত হওয়া কথা। কিন্তু সেতুর এক পাশে মাত্র ২০০ মিটার সংযোগ সড়ক না হওয়ায় সেতুটি মূল সড়ক থেকে বিছিন্ন রয়েছে। সেতুটি নির্মাণের পর সংযোগ সড়ক নির্মাণের কাজ শুরু করে এলজিইডি। কিছু কাজ হওয়ার পর স্থানীয় এক ব্যক্তি তাঁর জমি দিতে অপারগতা প্রকাশ করেন। পরে এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দিলে ওই ব্যক্তি তাঁর জমিতে দেয়াল নির্মাণ করেন। এ কারণে সংযোগ সড়ক আর হয়নি। এলজিইডির পক্ষ থেকে বারবার অনুরোধ করার পরও ওই ব্যক্তি জমি না দেওয়ায় শেষ পর্যন্ত জমি অধিগ্রহণের জন্য গত মাসে প্রস্তাব পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানান, উপজেলার আশারকান্দি, পাইলগাঁও এবং রানীগঞ্জ ইউনিয়নের বাসিন্দারা এ সড়ক দিয়ে প্রতিদিন উপজেলা সদরে যাতায়াত করেন। কিন্তু সংযোগ সড়ক না হওয়ায় বর্তমানে সেতুর পাশে হবিবনগরের একটি বিকল্প সড়ক দিয়ে যান উপজেলা সদরে আসা-যাওয়া করছে। ওই বিকল্প সড়কটিও নদীভাঙনের কবলে পড়েছে। দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করে মূল সড়ক চালু না করলে বিকল্প সড়ক দিয়ে যেকোনো সময় যান চলাচল বন্ধ হয়ে যেতে পারে।
পাইলগাঁওয়ের আলাগদি গ্রামের ব্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সেতুটি নির্মাণ করা হয়েছে। কিন্তু সংযোগ সড়ক না হওয়ায় মানুষের ভোগান্তি রয়েই গেছে। রানীগঞ্জের বাগময়না গ্রামের বাসিন্দা সালেহ আহমদ বলেন, ‘সংযোগ সড়কের জমি অধিগ্রহণ না করেই সেতু কীভাবে নির্মাণ করা হলো তা বুঝতে পারছি না।’ জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ বলেন, সংযোগ সড়ক নির্মাণে এ ধরনের সমস্যায় পড়তে হবে, তা আসলে কেউ বুঝতে পারেননি। তাঁরা ওই জমির মালিকের সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি জমি দেবেন বলে আশ্বাস দিয়েও পরে দেননি।
এলজিইডির জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, সংযোগ সড়কের ২০০ মিটারের মধ্যে মাত্র ৫০ মিটারের কাজ বাকি রয়েছে। অন্যরা জমি দিলেও একজন না দেওয়ায় কাজ আটকে রয়েছে। এখন জমি অধিগ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। জমি অধিগ্রহণ হলেই কাজ শুরু হবে। আগে কেন জমি অধিগ্রহণ করা হয়নি, জানতে চাইলে তিনি বলেন, ‘আসলে এলজিইডির কাজে স্থানীয় মানুষের অংশগ্রহণ ও সহযোগিতা থাকে। এখানে এভাবে সমস্যা হবে সেটি আগে আমরা বুঝতে পারিনি।’ তবে কবে সংযোগ সড়ক নির্মিত হবে, সেটি তিনি নিশ্চিত করে বলতে পারেননি।