সেতু উদ্বোধন করলেন দুদক চেয়ারম্যান
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান গতকাল শুক্রবার লক্ষ্মীপুর পৌর এলাকায় দুই কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত দুটি সেতুর উদ্বোধন করেন। রাতে তিনি পৌর মেয়র ও আওয়ামী লীগের নেতা আবু তাহেরের দেওয়া এক নৈশভোজে যোগ দেন।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে বাঞ্চানগর গ্রামের ল ইয়ার্স কলোনিতে নবনির্মিত শিশুপার্কের সংযোগ সড়কে ওই দুটি সেতুর উদ্বোধন করেন দুদকের চেয়ারম্যান। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান, পৌরসভার মেয়র আবু তাহের, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফোরকান আহমেঞ্চদ প্রমুখ।
পৌরসভার সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, গুরুত্বপূর্ণ শহর অবকাঠামো প্রকল্পের আওতায় রহমতখালী খালের ওপর এক কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ২৭ মিটার এবং জেলা শহর অবকাঠামো প্রকল্পের আওতায় ৮৪ লাখ টাকা ব্যয়ে ২৪ মিটার দীর্ঘ ওই সেতু দুটি নির্মাণ করা হয়।
জেলা সার্কিট হাউসের একটি সূত্র জানায়, দুদক চেয়ারম্যানের সম্মানে রাত নয়টার দিকে মেয়র তাহের নৈশভোজের আয়োজন করেন। এতে আওয়ামী লীগের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাসহ অন্তত ৬০ জন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়।
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আইনজীবী নূরুল ইসলামকে হত্যার দায়ে ২০০৩ সালে মেয়র তাহেরের ছেলে এ এইচ এম বিপ্লবের ফাঁসির দণ্ড হয়েছিল। তৎকালীন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ২০১১ সালের জুলাইয়ে এ সাজা মওকুফ করেন।