সেতু উদ্বোধন না হওয়ায় ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ পৌরসভার বেউথা এলাকায় কালিগঙ্গা নদীর ওপর নির্মিত সেতু। গত রোববার তোলা ছবি l আব্দুল মোমিন
মানিকগঞ্জ পৌরসভার বেউথা এলাকায় কালিগঙ্গা নদীর ওপর নির্মিত সেতু। গত রোববার তোলা ছবি l আব্দুল মোমিন

মানিকগঞ্জে কালিগঙ্গা নদীর ওপর নির্মিত সেতুটির উদ্বোধন না হওয়ায় যানবাহন চলাচল শুরু হয়নি। এতে জেলার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েক লাখ মানুষের ভোগান্তি শেষ হচ্ছে না। নৌকায় নদী পার হয়ে তাদের জেলা সদরে যাতায়াত করতে হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সেতুটির নামকরণ নিয়ে জটিলতা দেখা দিয়েছে। মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রমজান আলী তাঁর নিজের নামে সেতুটির নামকরণের জন্য চেষ্টা চালাচ্ছেন। এ নিয়ে সরকারি দলের নেতিবাচক মনোভাবের কারণে জটিলতার সৃষ্টি হয়েছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম বলেন, কোনো এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্থানীয় সাংসদের ডিও (আধাসরকারি পত্র) লাগে। অন্য নির্বাচনী আসনের কোনো সাংসদের সুপারিশ যুক্তিযুক্ত নয়। তা ছাড়া জেলায় অনেক জ্ঞানী-গুণী, মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তাঁদের নামেও সেতুটির নামকরণ করা যায়। সাবেক মেয়রের নামে নামকরণটা বোধগম্য নয়।
সেতুর দুই পাশের চারটি গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার অন্তত ১০ জনের সঙ্গে কথা বলে জানা যায়, কালিগঙ্গা মানিকগঞ্জ পৌরসভাকে বিভক্ত করেছে। পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড নদীর দক্ষিণ অংশে পড়েছে। এ কারণে ওই ওয়ার্ডের শিক্ষার্থীসহ জনসাধারণকে সারা বছরই অর্থ খরচ করে খেয়া পার হয়ে জেলা সদরে যাতায়াত করতে হয়। এ ছাড়া জেলা সদর উপজেলার দক্ষিণ-পশ্চিমাঞ্চল, ঘিওর উপজেলা পূর্ব-দক্ষিণাঞ্চল ও হরিরামপুর উপজেলার বাসিন্দাদেরও জেলা শহরে আসতে বিড়ম্বনায় পড়তে হয়। সেতুর অভাবে এসব এলাকার মানুষ অতিরিক্ত পথ ঘুরে জেলা সদরে যাতায়াত করে আসছে।

নৌকায় করে নদী পারাপার। গত রোববার তোলা ছবি
নৌকায় করে নদী পারাপার। গত রোববার তোলা ছবি

পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা বলেন, জনস্বার্থে আগে সেতুটি উদ্বোধন করা হোক। নামকরণ পরে করা যাবে।
জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মানিকগঞ্জ পৌর এলাকার বেউথা এলাকায় কালিগঙ্গা নদীর ওপর সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছিল এলাকাবাসী। এর পরিপ্রেক্ষিতে ২০১৩ সালে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বেউথা এলাকায় নদীর ওপর সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এলজিইডির দরপত্র আহ্বানের মাধ্যমে সেতু নির্মাণের কাজ পায় নাভানা কনস্ট্রাকশন লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
ওই বছরের ১২ সেপ্টেম্বর প্রবাসীকল্যাণমন্ত্রী (বর্তমানে এলজিইডি মন্ত্রী) সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর অক্টোবর মাসে ২৯৭ মিটার দৈর্ঘ্য ও ৯ দশমিক ৮ মিটার প্রস্থের সেতুর নির্মাণকাজ শুরু হয়। চলতি বছরের ১৮ জুন সেতুর কাজ শেষ হওয়ার কথা। তবে এর প্রায় ছয় মাস আগে সেতু এবং এক মাস আগে সংযোগ সড়কের কাজ শেষ হয়েছে।
নাভানা কনস্ট্রাকশন লিমিটেডের সেতু নির্মাণের দায়িত্বে থাকা প্রকল্প ব্যবস্থাপক মো. আলমগীর শেখ বলেন, গত ৩০ জুলাই সেতুটি উদ্বোধনের কথা ছিল। তবে গত ২০ জুলাই এলজিইডি জেলার নির্বাহী প্রকৌশলী তাঁকে জানান, সেতুটি উদ্বোধন হচ্ছে না।
জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আবদুর বারেক হাওলাদার বলেন, ৩০ জুলাই সেতুটির উদ্বোধনের কথা ছিল। তবে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এবং স্থানীয় সাংসদ জাহিদ মালেক ব্যস্ততার কারণে ওই দিন সময় দিতে না পারায় সেতুটির উদ্বোধন করা যায়নি।
পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চর বেউথা গ্রামের আবু নাহিদ বলেন, সরকারি টাকায় সেতু নির্মাণ করা হয়েছে। তবু চালু হচ্ছে না। টাকা ব্যয় করে নৌকায় যাতায়াত করতে হচ্ছে।
হরিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল বাশার বলেন, সেতুটি চালু হলে সড়কপথে জেলা শহরে যাতায়াত করতে উপজেলাবাসীদের সময় ও খরচ দুটোই কমবে।
গত রোববার দুপুরে সরেজমিনে দেখা যায়, টিন ও বাঁশ দিয়ে সেতুর দুই প্রান্ত আটকে রাখা হয়েছে। নৌকায় করে অসংখ্য মানুষ নদী পারাপার হচ্ছে। অনেকে মোটরসাইকেল, রিকশা-ভ্যান, সাইকেল ও নৌকায় করে পার হচ্ছে।
সাবেক মেয়র রমজান আলী বলেন, সেতুর নির্মাণ প্রকল্প অনুমোদনে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে ‘মেয়র রমজান আলী সেতু’ নামকরণের অনুমোদন দেওয়া হয়েছে।
রমজান আলীর নামে সেতুটির নামকরণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবের কাছে লিখিত সুপারিশ করা হয়। এতে মানিকগঞ্জ-২ আসনের সাংসদ মমতাজ বেগমসহ জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা ও জনপ্রতিনিধি এ সুপারিশ করেন। তবে এতে স্থানীয় সাংসদ এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেকের সুপারিশ নেই। এ বিষয়ে গতকাল বুধবার বিকেলে জাহিদ মালেকের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ধরেননি। পরে যোগাযোগ করা হলে তাঁর ব্যক্তিগত সহকারী সেলিম হোসেন মুঠোফোনে বলেন, তিনি (প্রতিমন্ত্রী) ঢাকায় মিটিংয়ে আছেন।
জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস বলেন, জনসাধারণ ও যানবাহন চলাচলের সুবিধার্থে সেতু উদ্বোধনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করা হবে।