পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, পদ্মা সেতুর নির্মাণ প্রকল্প এলাকায় কর্মরত সব দেশি-বিদেশি নাগরিকের নিরাপত্তায় পুলিশ বিশেষ নজরদারি করছে। তিনি বলেন, পদ্মা সেতুকে ঘিরে নিরাপত্তার জন্য ভবিষ্যতে দুটি থানা স্থাপন করা হবে। গতকাল শনিবার সকালে পদ্মা সেতুর প্রকল্প এলাকা পরিদর্শন করে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে আইজিপি এসব কথা বলেন।
আইজিপি শহীদুল হক বলেন, সেতু এলাকায় কর্মরত দেশি-বিদেশি নাগরিকদের নিরাপত্তায় সেতুর এক প্রান্তে মাওয়া এলাকায় এবং অপর প্রান্তের শরীয়তপুরের জাজিরায় দুটি পুলিশ ফাঁড়ি আছে। পুলিশ ছাড়াও সেতুর প্রকল্প এলাকার নিরাপত্তায় সেনাবাহিনী, আনসারসহ অন্যান্য বাহিনীও কাজ করছে। তিনি বলেন, ভবিষ্যতে পদ্মা সেতুকে ঘিরে সেতুর দুই প্রান্তে দুটি থানা প্রতিষ্ঠা করা হবে। এই দুই থানার কাজ হবে শুধু সেতু এলাকার নিরাপত্তা নিশ্চিত করা।
শহীদুল হক বলেন, সব উন্নয়ন কর্মকাণ্ডই নির্ভর করে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে এই উন্নয়ন সহজ হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, পুলিশের ঢাকা অঞ্চলের উপমহাপরিদর্শক (ডিআইজি) এফ এম মাহফুজুল হক নুরুজ্জামান, অতিরিক্ত ডিআইজি মো. শফিকুল ইসলাম ও মোহাম্মদ আলী, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার প্রমুখ।