সেতু ও জমি ঝুঁকিতে ফেলে মাটি-বালু তোলা চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুকিয়ে যাওয়া নদ-নদীর বুক থেকে মাটিখেকোর দল অবৈধভাবে মাটি কেটে চলেছে। ফরিদপুরের কুমার নদ থেকে প্রতিদিন এক হাজার ৮০০ ঘনফুট মাটি কাটা হচ্ছে। যশোরের মনিরামপুরে সেতুকে ঝুঁকির মধ্যে ফেলে একটি প্রভাবশালী মহল সমানে মাটি ও বালু তুলছে। টাঙ্গাইলের মির্জাপুরে অবাধে মাটি কাটার ফলে উদ্বোধনের আগেই একটি সেঁতু ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: ফরিদপুর: শহরের পশ্চিম আলীপুরে কুমার নদের বুক থেকে গত দেড় মাস ধরে অবৈধভাবে মাটি কেটে নেওয়া হচ্ছে। দিনের পর দিন শহরের মধ্যে এ ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করছে। গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, ১২ জন শ্রমিক মাটি কাটার কাজ করছেন। দুটি ট্রাকে মাটিভর্তি করা হচ্ছে।শ্রমিক রিয়াজুল শেখের বাড়ি ফরিদপুর সদরের ঈশানগোপালপুর ইউনিয়নে। তিনি জানান, প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মাটি কাটেন তাঁরা। ওই এলাকার ব্যবসায়ী মো. লতিফ মিয়া এ কাজে তাঁদের নিয়োজিত করেছেন।লতিফ মিয়া দাবি করেন, নদীর যে অংশের মাটি কাটা হচ্ছে তাঁর মালিক পশ্চিম আলীপুর এলাকার মজিবর রহমান। প্রতিদিন দুটি ট্রাকে ৩০ বার মাটি নিয়ে বিভিন্ন ইটভাটায় সরবরাহ করা হয়। প্রতি ট্রাক মাটি ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। তিনি দাবি করেন, প্রতি ট্রাক বাবদ জমির মালিককে ৩০ টাকা করে দেওয়া হয়। আর মাটি কাটার জন্য প্রত্যেক শ্রমিককে দেওয়া হয় ৩০০ টাকা। খোঁজ নিয়ে জানা গেছে, একটি ট্রাকে ৬০ থেকে ৬৫ ঘনফুট মাটি বহন করা যায়। সে হিসেবে নদী থেকে প্রতিদিন গড়ে এক হাজার ৮০০ ঘনফুট মাটি কাটা হচ্ছে। নদীর জমির কথিত মালিক মজিবর রহমান দাবি করেন, ওই এলাকায় তাঁর ২৯ শতাংশ জমি আছে। তবে মাটি তাঁর জায়গা ছাড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জায়গা থেকেও কাটা হচ্ছে। ফরিদপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী সর্দার সিরাজুল হক জানান, অবৈধভাবে নদীর মাটি কেটে নেওয়ার বিষয়টি তাঁর নজরে আসেনি। তিনি জরুরিভাবে মাটি কাটা বন্ধের পদক্ষেপ নেবেন। মনিরামপুর (যশোর): মনিরামপুর পৌর শহরের মধ্য দিয়ে প্রবাহিত হরিহর নদীর ওপর নির্মিত বাদামতলার সেতুর নিচ থেকে অবৈধভাবে বালু ও মাটি তোলা হচ্ছে। এতে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে বাদামতলায় ৩৬ মিটার দীর্ঘ সেতুটি ২০০২ সালে নির্মাণ করা হয়। অভিযোগ রয়েছে, তাহেরপুর গ্রামের বালু ব্যবসায়ী রবিউল, বুলবুল হোসেন, আতিয়ার, হাফিজুর, আবদুস সাত্তার; বিজয়রামপুর গ্রামের বরকত; জুড়ানপুর গ্রামের মশিয়ার ওরফে বালি মশিয়ার; শ্যামকুড় গ্রামের আবদুল বারীকসহ প্রায় ১৫ জন বালু ব্যবসায়ী নদীর বাঁধাঘাটা সেতু থেকে জুড়ানপুর পর্যন্ত বালি তুলে ব্যবসা করছেন। গত সোমবার দুপুর ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, বাদামতলা সেতুর নিচ থেকে কয়েকজনে বালু তোলে ভ্যানবোঝাই করছেন। কার অনুমতি নিয়ে বালু উত্তোলন করা হচ্ছে—এমন প্রশ্নের জবাবে দলনেতা হাফিজুর বলেন, ‘নদীর পানি শুকিয়ে যাওয়ার পর আমরা এখান থেকে বালু তুলে বিভিন্ন স্থানে বিক্রি করে থাকি।’ সুশাসনের জন্য নাগরিক (সুজন) মনিরামপুরের সভাপতি অরুণ নন্দন জানান, ‘যেভাবে ভূমিদস্যুরা নদী দখল ও বালু উত্তোলন করছে, এদের সামাজিকভাবে প্রতিহত করা ছাড়া উপায় নেই। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মল্লিক আনোয়ার হোসেন বলেন, ‘বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব।’ মির্জাপুর (টাঙ্গাইল): মির্জাপুরের বংশাই ও লৌহজং নদীর দুই পাশ থেকে মাটি ও বালু তোলা হচ্ছে। মাটি বহনকারী বড় বড় ট্রাকের চাকায় গ্রামের কাঁচা সড়ক নষ্ট হয়ে যাচ্ছে। অবাধে মাটিকাটার ফলে উদ্বোধনের আগেই লৌহজং নদীর বাইমহাটি-পাহাড়পুর এলাকায় নির্মিত সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সরেজমিনে দেখা গেছে, বংশাই নদীর গোড়াইল, ত্রিমোহন, কুমারজানি, থলপাড়া, যুগিরকোফা, রহিমপুর, সৈয়দপুর, দেওহাটা, চাঁনপুর এবং লৌহজং নদীর পাহাড়পুর, দুল্যা, কাণ্ঠালিয়া, গুনটিয়া এলাকায় মাটিকাটার যন্ত্র এস্কাভেটর ও ড্রেজার লাগানো হয়েছে। নদীর বুক ও কিনারা কেটে এমনভাবে মাটি তোলা হচ্ছে যে নদীর গতিপথ ও নকশাই বোঝা দায় হয়ে পড়েছে। নদীর কিনারে কোথাও কোথাও ২০ থেকে ২৫ ফুট গর্তের সৃষ্টি হয়েছে। উপজেলা প্রকৌশলী সামছুল আলম খান বলেন, পাশ থেকে মাটি কাটার ফলে যেকোনো মুহূর্তে সেতুটির বড় ধরনের ক্ষতি হতে পারে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আহসান হাবিব বলেন, ‘নদী দুটির বিভিন্ন স্থান থেকে মাটি কাটা হচ্ছে, যা দেখার জন্য তেমন জনবল নেই।’