সেতু ও বাস টার্মিনাল অন্ধকারে দেড় বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরে ব্রহ্মপুত্র নদের ওপর বাংলাদেশ-চীন মৈত্রী সেতু ও আন্তজেলা বাস টার্মিনাল এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ৩০টি বৈদ্যুতিক বাতি দেড় বছর ধরে বিকল হয়ে আছে। এতে রাতের বেলায় ওই সেতুর ওপর দিয়ে গাড়ি চালাতে গিয়ে চালকদের সমস্যা হচ্ছে। পাশাপাশি অন্ধকার থাকায় এখানে প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটছে। সওজের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা বাতিগুলো বিকল থাকার সঠিক কারণ জানাতে পারেনি।
নেত্রকোনা জেনারেল হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসক হিসেবে কাজ করেন মোখলেছুর রহমান। তাঁর বাড়ি ময়মনসিংহে। তাই প্রতিদিন ময়মনসিংহ থেকে নেত্রকোনায় যাওয়া-আসা করেন। তিনি বলেন, রাতে হেঁটে সেতু পার হওয়ার সময় অন্ধকারে প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে। তিনি নিজেও কিছুদিন আগে ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা তাঁর মুঠোফোন, মানিব্যাগ, ঘড়ি ও চশমা নিয়ে যায়। জুন মাসে ময়মনসিংহ থেকে বাসে গৌরীপুর যাওয়ার সময় আফিয়া সিদ্দিকা নামের আনন্দ মোহন সরকারি কলেজের এক শিক্ষার্থীর ব্যাগ সেতু এলাকা থেকে ছিনতাইকারীরা টান দিয়ে নিয়ে যায়।
বাসচালক মাসুদ রানা বলেন, অন্ধকারে সেতুর ওপর বাস যানজটে পড়লে প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীদের কবলে পড়া অধিকাংশ মানুষই থানায় অভিযোগ দেয় না। ময়মনসিংহ ট্রাফিক পুলিশের পরিদর্শক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, সেতু ও টার্মিনাল এলাকায় বাতি না থাকায় ট্রাফিক বিভাগের সদস্যদের কাজ করতে সমস্যা হয়। তা ছাড়া প্রায়ই ছিনতাইয়ের শিকার হওয়া ব্যক্তিরা ট্রাফিক সদস্যদের কাছে অভিযোগ করেন।
সওজের ময়মনসিংহ কার্যালয় সূত্রে জানা গেছে, বিল বকেয়া থাকায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সংযোগ বিচ্ছিন্ন করেছে। তাই বাতিগুলো জ্বলছে না। এ ছাড়া কিছু বাতিও নষ্ট হয়ে গেছে। কিন্তু বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এই বক্তব্যের সত্যতা পাওয়া যায়নি।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ময়মনসিংহ (বিক্রয় ও বিতরণ) কেন্দ্র-২ সূত্রে জানা গেছে, গত বছরের জুন মাসের পর থেকে সওজের বিদ্যুৎ বিল বকেয়া থাকলেও সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি। খোঁজ নিয়ে জানা যায়, গত বছরের ফেব্রুয়ারি মাস থেকে ওই ৩০টি বাতি না জ্বললেও বিদ্যুৎ বিভাগ প্রতি মাসে সওজের নির্বাহী প্রকৌশলীর নামে ন্যূনতম বিদ্যুৎ বিল করছে।
গত এপ্রিল মাসে সওজের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ শামীম আল মামুন ও উপবিভাগীয় প্রকৌশলী জহুরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা সেতু ও বাস টার্মিনাল এলাকার বাতিগুলো না জ্বালার কারণ বলতে পারেননি। এমনকি বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন কি না, কবে সর্বশেষ বিদ্যুৎ বিল দেওয়া হয়েছিল তাও তাঁরা বলতে পারেননি। তাঁরা বিদ্যুৎ বিভাগে খোঁজ নিয়ে যথাযথ কারণ জেনে বাতি সংস্কারের ব্যবস্থা করবেন বলে জানিয়েছিলেন।
গত ২৩ মে মুঠোফোনে সওজের নির্বাহী প্রকৌশলীর কাছে বাতি মেরামতের খোঁজ নেওয়া হলে তিনি জানান, বাতি মেরামত করা হয়েছে। কিন্তু ১৯ আগস্ট রাত সাড়ে আটটায় সেখানে গিয়ে একটি বাতিও জ্বলতে দেখা যায়নি। এ ব্যাপারে সর্বশেষ ২২ আগস্ট নির্বাহী প্রকৌশলীর কাছে বাতিগুলো মেরামত না করার কারণ জানতে চাইলে তিনি জানান, বিষয়টি তিনি ভুলে গেছেন। শিগগিরই সেগুলো সচল করার ব্যবস্থা নেবেন।