সেতু করে নদ হত্যা!
যশোর শহরের বাবলাতলা থেকে নীলগঞ্জ পর্যন্ত ভৈরব নদের তিন কিলোমিটারের মধ্যে নির্মিত হয়েছে ছয়টি সেতু। সেতুগুলোর দৈর্ঘ্য ৫০ থেকে ১০০ ফুটের মধ্যে। অথচ নদের প্রস্থ ১৫০ থেকে ২৫০ ফুট। দুই পাড় মাটি দিয়ে ভরাট করে সেতু নির্মাণের ফলে নদের স্বাভাবিক গতিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ক্রমান্বয়ে নাব্যতা হারাচ্ছে নদ। এতে এ অঞ্চলের পরিবেশ বিপর্যয়ের মুখে পড়ার আশঙ্কা রয়েছে।এদিকে ভৈরব নদ খননের জন্য মাস তিনেক আগে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ নজরুল ইসলাম খান স্বাক্ষরিত একটি চিঠি পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো হয়েছে। ওই চিঠির অনুলিপি জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) যশোরের নির্বাহী প্রকৌশলীর দপ্তরেও পাঠানো হয়। ভৈরব নদ খনন প্রকল্পের পরামর্শক নিয়োগের সুপারিশ করে নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়।একদিকে প্রধানমন্ত্রীর দপ্তরের উদ্যোগে খনন প্রকল্পের মাধ্যমে নদটি বাঁচানোর চেষ্টা করা হচ্ছে, অন্যদিকে সওজ এবং স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের (এলজিইডি) অপরিকল্পিতভাবে সেতু নির্মাণের কারণে এটি ধ্বংসের মুখে পড়েছে।যশোর কালেক্টরেটের রাষ্ট্রীয় অধিগ্রহণ (এসএ) শাখা ও সওজ বিভাগ সূত্রে জানা গেছে, যশোর-ঢাকা ভায়া ঝিনাইদহ সড়কে শহরের বাবলাতলা এলাকায় ২০৫ ফুট চওড়া নদের ওপর ১০০ ফুটের সেতু, এখান থেকে আধা কিলোমিটার দূরে দড়াটানা মোড়ের ২২২ ফুট চওড়া নদের ওপর ৮২ ফুট, ১৫০ গজ দূরত্বে কাঠেরপুল এলাকার ১৪৬ ফুট নদের ওপর ৫০ ফুট, বারান্দিপাড় এলাকায় ১৮২ ফুট নদের ওপর ১০০ ফুট এবং শেখহাটি নাথপাড়া ও যশোর-নড়াইল সড়কের নীলগঞ্জ এলাকার ১৩৬ ফুট নদের ওপর ৬০ ফুট দীর্ঘ সেতু নির্মাণ করা হয়েছে। সওজ ও এলজিইডির তত্ত্বাবধানে নির্মাণ করা হয়েছে এসব সেতু।সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, যশোর-ঢাকা মহাসড়কের বারান্দিপাড়া এলাকায় সেতুটির স্প্যান নির্মাণের কাজ চলছে। সওজের তত্ত্বাবধানে এমইউ-বিটিসি-এমই-জেভি নামের ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণকাজের দায়িত্ব পেয়েছে।কাজ দেখভালের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী মনজুর কাদের বলেন, নদে এখন আর প্রবাহ নেই। তার পরও এর যে অংশ দিয়ে মূল স্রোত প্রবাহিত হতে পারে, সেই অংশের ওপর সেতু নির্মাণ করা হচ্ছে।সওজের নির্বাহী প্রকৌশলী আলমগীর শহিদুল ইসলাম বলেন, এটি হচ্ছে রিপ্লেসমেন্ট (স্থানান্তরিত) সেতু। মেয়াদোত্তীর্ণ একটি সেতুর ওপর নতুন আরেকটি সেতু নির্মাণ করা হচ্ছে। এর আগে ওখানে যে সেতুটি ছিল, তার চেয়েও বড় আকারে নির্মাণ করা হচ্ছে এটি।এলজিইডির নির্বাহী প্রকৌশলী খলিফা আবুল কালাম আজাদ বলেন, উজানে ও ভাটিতে আগে থেকে নির্মিত সেতুর সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন সেতু নির্মাণ করা হয়। নব্বইয়ের দশকে শহরের কাঠেরপুর ও নাথপাড়া এলাকার সেতু দুটির নির্মাণকাজ শুরু হয়। সেতু নির্মাণের ব্যাপারে তখন নীতিমালা সেভাবে অনুসরণ করা হতো না।ভৈরব নদ সংস্কার আন্দোলন প্রস্তুতি কমিটির উপদেষ্টা ইকবাল কবির বলেন, উন্নয়নের নামে নদের ওপর যেনতেনভাবে সেতু-কালভার্ট নির্মাণ করে নদটি মেরে ফেলা হচ্ছে। সেতুগুলো নির্মাণের কয়েক বছরের মধ্যে এর নাব্যতা হারিয়ে গেছে।