সেতু কর্তৃপক্ষ বিল জাতীয় সংসদে উত্থাপন
দেড় হাজার মিটার বা তার চেয়ে বড় দৈর্ঘ্যের সেতু, টানেল, ফ্লাইওভারসহ এক্সপ্রেসওয়ের নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব সেতু বিভাগের ওপর ন্যস্ত করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বিল ২০১৬ জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে।
আজ সোমবার জাতীয় সংসদে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিলটি উত্থাপন করেন। পরে বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
বিলে বলা হয়েছে, ১ হাজার ৫০০ মিটার বা তার চেয়ে বড় দৈর্ঘ্যের সেতু, টানেল, টোল সড়ক, ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ ও রক্ষণাবেক্ষণ সেতু বিভাগের আওতায় থাকবে। কেউ সেতু, টানেল, টোল সড়ক বা কর্তৃপক্ষের অন্য কোনো স্থানে যানবাহন চলাচলে বাধা দিলে, কর্তৃপক্ষের কোনো বিজ্ঞপ্তি সরিয়ে ফেললে অথবা সারি ভেঙে টোল ঘরের কাছে জট সৃষ্টি করলে তাঁর ১০ হাজার টাকা জরিমানা হবে।
এ ছাড়া সামরিক সরকারের আমলে জারি করা দ্য টি অর্ডিন্যান্স ১৯৭৭ এবং দ্য টি (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স ১৯৮৬ বাতিল করে নতুন আইন করতে চা বিল ২০১৬ সংসদে উত্থাপন করা হয়েছে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বিলটি উত্থাপন করেন। পরে বিলটি এক মাসের মধ্যে পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে মন্ত্রী বলেন, বর্তমানে প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক বাজারে টিকে থাকা এবং দেশের অভ্যন্তরীণ ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে চায়ের উৎপাদন বাড়ানো জরুরি।