সেতু ক্ষতিগ্রস্ত হয়ে যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট-পাটগ্রাম-বুড়িমারী মহাসড়কের আদিতমারী উপজেলায় স্বর্ণামতী নদীর ওপর নির্মিত সড়কসেতুর দুটি ডেকিং পাটাতনের নাট-বল্টু ভেঙে যাওয়ায় গত সোমবার ভোর থেকে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে এই সড়কে চলাচলকারী যানবাহনগুলোকে গন্তব্যে পৌঁছাতে প্রায় ৩০ কিলোমিটার পথ ঘুরতে হচ্ছে।এ ব্যাপারে লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সাংসদ মজিবর রহমান বলেন, ‘এই সড়কসেতুটি পুনর্নির্মাণের জন্য আমি জাতীয় সংসদ ছাড়াও অর্থমন্ত্রী ও যোগাযোগমন্ত্রীকে পৃথকভাবে বলেছি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।’লালমনিরহাট সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী খায়রুল ইসলাম জানান, সেতুটির এখন যে অবস্থা, তাতে এখানে একটি নতুন সেতু নির্মাণের বিকল্প নেই। তিনি আরও জানান, লালমনিরহাট-পাটগ্রাম-বুড়িমারী মহাসড়কটি উন্নয়নের জন্য ২০১১ সালের ৮ মার্চ ৫৫৮ কোটি ৪৪ লাখ টাকার একটি প্রকল্প একনেকে গৃহীত হয়েছে। ওই প্রকল্পের আওতায় স্বর্ণামতী নদীর ওপর একই স্থানে ৯৩ দশমিক ০২ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু পুনর্নির্মাণের কথা ছিল। এ জন্য ৬৫১ লাখ ১৪ হাজার টাকা প্রাক্কলিত মূল্য নির্ধারণ করা হয়েছিল। কিন্তু এ পর্যন্ত কোনো কার্যক্রম পরিলক্ষিত হচ্ছে না।