সেতু খুলে দেওয়ার দাবি

মানিকগঞ্জ পৌর এলাকায় কালীগঙ্গা নদীর ওপর নির্মিত সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়ার দাবিতে প্রতিবাদী সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। গতকাল সোমবার বিকেলে সেতুর উত্তর পাড়ে দলের জেলা শাখার নেতা-কর্মীরা এ কর্মসূচি পালন করেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রমজান আলীর নামে সেতুটির নামকরণের অনুমোদন দিয়েছে। রমজান আলী আওয়ামী লীগের নেতা হলেও ক্ষমতাসীন দলের অধিকাংশ নেতা চাইছেন না সেতুটির নামকরণ তাঁর নামে হোক। এ কারণে সেতুটির উদ্বোধন করা হচ্ছে না। এতে যান চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া যাচ্ছে না। এতে মানিকগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডসহ সদর উপজেলার দক্ষিণ-পশ্চিমাঞ্চল, ঘিওর উপজেলার পূর্ব-দক্ষিণাঞ্চল ও হরিরামপুর উপজেলার বাসিন্দাদের জেলা শহরে যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে। এ নিয়ে ১১ আগস্ট প্রথম আলোয় ‘সেতু উদ্বোধন না হওয়ায় ভোগান্তি’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। সেতুটি খুলে দেওয়ার দাবিতে গত শনিবার সিপিবির জেলা শাখার নেতা-কর্মীরা পথসভাও করেন।
যানবাহন চলাচলের জন্য সেতু খুলে দেওয়ার দাবিতে গতকাল বিকেলে প্রতিবাদী সমাবেশের আয়োজন করা হয়। এতে জেলা সিপিবির সভাপতি আজাহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি নূরুল ইসলাম, জেলা শিক্ষক সমিতির সভাপতি মজিবর রহমান প্রমুখ।
জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস বলেন, জনসাধারণের চলাচলের সুবিধার্থে সেতুটি খুলে দেওয়ার জন্য গত রোববার মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে সেতুটি দিয়ে যানবাহন চলাচল করতে পারবে।