সেতু ঘেঁষে বালু তুলছেন আওয়ামী লীগের নেতা
রংপুর সদর উপজেলার গুলালগুদাই গ্রামে মানাস নদের ওপর নির্মিত সেতুর কাছে শ্যালো যন্ত্র বসিয়ে নদ থেকে অবৈধভাবে বালু তুলছেন আওয়ামী লীগের স্থানীয় একজন নেতা। এলাকাবাসী বলছেন, এভাবে বালু তোলায় সেতু ও এর পাশের আবাদি জমি হুমকির মুখে পড়েছে। স্থানীয় সূত্রগুলো জানায়, সদর উপজেলার তপোধন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনারুল ইসলাম ১৫ দিন ধরে ইউনিয়নের গুলালগুদাই গ্রামের ওই সেতু ঘেঁষে নদ থেকে বালু তুলছেন। এলাকাবাসী তাঁকে নদ থেকে বালু তুলতে নিষেধ করলেও তিনি বালু তোলা অব্যাহত রেখেছেন। বালুমহাল ইজারা প্রদান এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয়ে বিধান প্রণয়নকল্পে প্রণীত আইনের ৪-এর খ ধারায় উল্লেখ আছে, সেতু, কালভার্ট, ড্যাম, ব্যারেজ, বাঁধ, সড়ক, বন, রেললাইন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা বা আবাসিক এলাকার এক কিলোমিটারের মধ্যে বালু বা মাটি উত্তোলন নিষিদ্ধ। সরেজমিনে দেখা গেছে, সেতুর নিচে প্রায় ৫০ গজ দূরে একটি শ্যালো যন্ত্র বসিয়ে দিনে-রাতে ১২ থেকে ১৩ ঘণ্টা বালু তোলা হচ্ছে। আর এই বালু পাইপের মাধ্যমে সেতুর দক্ষিণ প্রান্তে একটি জমিতে স্তূপ করে রাখা হচ্ছে। গুলালগুদাই গ্রামের কৃষক আবদুস সালাম (৪৫) বলেন, ‘ওমরা হইল সরকার দলের লোক। কিছু কওয়া যায় না।’ কৃষক হারুন-অর রশিদ বলেন, ‘এভাবে বালু তুললে সেতুর আশপাশের আবাদি জমিগুলা হুমকির মুখোত পড়বে।’ বালু উত্তোলনকারী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনারুল ইসলাম বলেন, ‘এভাবে বালু তুললে তেমন ক্ষতির কিছু নেই।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাইন বিল্লাহ বলেন, এভাবে বালু তোলা সম্পূর্ণ অবৈধ। কিন্তু তিনি জানতেন না বলে ব্যবস্থা নিতে পারেননি। তিনি আরও বলেন, ‘এখন জানলাম। এ ব্যাপারে ব্যবস্থা নেব।’