সেতু চলাচলের অনুপযোগী শিশু শিক্ষার্থীদের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া এলাকায় রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের পাশে থাকা লোহার সেতুটি প্রায় এক মাস ধরে চলাচলের অনুপযোগী থাকায় শিশু শিক্ষার্থীসহ এলাকাবাসী দুর্ভোগ পোহাচ্ছে। বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন আক্তার বলেন, ‘সেতুটি ভাঙা থাকায় বিদ্যালয়ে শিশুদের আসতে-যেতে সমস্যা হয়। আমরা পার হওয়ার সময় এলাকাবাসী আমাদের সঙ্গে থাকা পোঁটলাপাঁটলি পার করে দেয়। ১৫-১৬ দিন আগে এক শিক্ষার্থী সেতুর ওপরে থাকা সুপারিগাছের ওপর দিয়ে পার হওয়ার সময় আমার সামনেই পা পিছলে খালে পড়ে যায়। সাঁতার জানার কারণে শিশুটি সাঁতরে তীরে উঠতে পেরেছে।’স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. জামাল হাওলাদার বলেন, ‘একটি কার্গোর ধাক্কায় প্রায় এক মাস আগে সেতুটি বিধ্বস্ত হয়েছে। সেতুর পাশে একটি প্রাথমিক বিদ্যালয়সহ দুটি বাজার রয়েছে। প্রতিদিন কয়েক হাজার লোক এই সেতু পার হয়ে পিরোজপুরসহ বিভিন্ন এলাকায় যাতায়াত করে। লোক চলাচলের সুবিধার জন্য আমি ব্যক্তিগত তহবিল থেকে সেতুর ওপরে সুপারিগাছ দিয়েছি।’ গত সোমবার সরেজমিনে দেখা গেছে, সেতুর পূর্ব পাশে থাকা বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সেতু পারাপার হচ্ছে। অভিভাবক মনির বাঘা বলেন, ‘আমার দুই সন্তান এ বিদ্যালয়ে পড়ে। তারা প্রায়ই সেতু পার হয়ে ওপারের (মাইটভাঙ্গা) দোকানে খাবার কিনতে যায়, ভয়ে থাকি কখন কোন দুর্ঘটনার খবর কানে আসে।’ মাইটভাঙ্গা এলাকার বাসিন্দা হরিদাস ভীম বলেন, ‘আমার সন্তান এ বিদ্যালয়ে পড়াশোনা করে। এখন বৃষ্টির মৌসুমে পিচ্ছিল সুপারিগাছ পার হয়ে তারা কেমনে বিদ্যালয়ে যাবে?’ পিরোজপুর জেলা পরিষদের প্রকৌশল শাখা সূত্রে জানা গেছে, প্রায় ২৪ বছর আগে পিরোজপুর জেলা পরিষদের অর্থায়নে পিরোজপুর-পারেরহাট ভারানী খালের ওপর বাঁশবাড়িয়া সেতুটি নির্মাণ করা হয়। এর দৈর্ঘ্য প্রায় ১০০ ফুট ও প্রস্থ আট ফুট। নির্মাণের পর কয়েকবার সেতুটি মেরামত করা হয়েছে। জেলা পরিষদের সহকারী প্রকৌশলী অমল চন্দ্র বলেন, এই মুহূর্তে বরাদ্দ নেই। এ কারণে বাঁশবাড়িয়া সেতুটি মেরামত করা যাচ্ছে না।