সেতু ঝুঁকিতে ফেলে নদ থেকে বালু তুলছেন আ.লীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের রায়নগরের মোড় বাজার এলাকায় কুমার নদ থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু তুলে ভরাট করা হচ্ছে একটি পুকুর। এর ফলে একটি সেতু, বাজার ও সড়ক হুমকির মুখে পড়েছে। বালু তোলা ও পুকুর ভরাটের পেছনে স্থানীয় আওয়ামী লীগের এক নেতাসহ অনেকে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।সড়ক, বাজার ও সেতুর সম্ভাব্য বিপদের কথা তুলে ধরে এলাকাবাসী ৭ নভেম্বর বিষয়টি লিখিতভাবে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানিয়েছেন। এরপর চার দিন পেরিয়ে গেলেও বন্ধ হয়নি বালু উত্তোলন। অবৈধভাবে বালু তোলার প্রতিবাদে গত শনিবার এলাকাবাসী মানববন্ধন করেছেন। কালামৃধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অজিত সাহাসহ ৬৬ জন একটি কমিটি গঠন করে বালু তুলছেন বলে জানা গেছে।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার রায়নগরের মোড় বাজার এলাকায় কালামৃধা সড়ক, ঘারুয়া-আজিমনগর সড়ক ও আজিমনগর-পাইকপাড়া সড়কের মোহনায় ছোট ড্রেজার দিয়ে পাশের কুমার নদ থেকে অবৈধভাবে আজিমনগর সেতুর নিচ থেকে বালু উত্তোলন করা হচ্ছে। ৩ নভেম্বর বালু তোলা শুরু হয়েছে।ভাঙ্গার ঘারুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সফিউদ্দিন মোল্লা বলেন, ‘বালু উত্তোলন শুরুর পর থেকে এটি বন্ধ করার জন্য আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ করেছি। আমার এলাকার লোকজন ইউএনওর কাছে লিখিত আবেদনও করেছে।’কালামৃধা ইউপির চেয়ারম্যান এসকেন্দার আলী খলিফা বলেন, ‘নদ থেকে বালু ওঠানোর ফলে সেতু, বাজার ও সড়ক হুমকির মুখে রয়েছে। বিষয়টি ইউএনওকে জানাব।’ কালামৃধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন বলেন, সম্পূর্ণ অবৈধ উপায়ে বালু তোলা হচ্ছে। এর ফলে বাজার, সেতু ও সড়কের জন্য বিপদ হবে। অবিলম্বে এ অপতৎপরতা বন্ধ হওয়া উচিত। রায়নগর মোড় বাজার বণিক সমিতির সভাপতি জাফর মাতুব্বর বলেন, ‘নদ থেকে বালু তুলে মাটি ভরাটের ব্যাপারে আমার কাছে কেউ কিছু জিজ্ঞাসা করেনি। কালামৃধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অজিত সাহাসহ ৬৬ জন বাজারসংলগ্ন ৩৪ শতাংশ জমির একটি পুকুর কিনে ভরাট করছেন। সবই দেখছি, কিন্তু আমার কিছু বলার নেই।’ কালামৃধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অজিত সাহা বলেন, ‘বাজার উন্নয়নের স্বার্থে আমরা এ কাজ করছি। ড্রেজারটি নদ থেকে অনেক দূরে স্থাপন করা হয়েছে। এতে সেতু, সড়ক বা বাজার কোনোটিরই কোনো ক্ষতি হবে না।’আওয়ামী লীগের নেতার এমন দাবি নাকচ করে দিয়ে ভাঙ্গা উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী আবু কামাল প্রথম আলোকে বলেন, ‘সেতুর কিনার ঘেঁষে নদ থেকে ড্রেজার দিয়ে বালু তোলা হলে সেখানে গভীর গর্তের সৃষ্টি হবে। এর ফলে সেতুর সমস্যা হবে। আমি সরেজমিনে পরিদর্শন করে এ ব্যাপারে পদক্ষেপ নেব।’ ভাঙ্গার ইউএনও গাজী আসাদুজ্জামান কবির বলেন, ‘বিষটি আমার নজরে এসেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’