সেতু ঝুঁকিতে ফেলে বালু উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার বাঙ্গালী নদীর বিভিন্ন স্থান থেকে অবাধে বালু উত্তোলনের হিড়িক পড়েছে। শ্যালো ইঞ্জিনচালিত যন্ত্র দিয়ে নদী থেকে নির্বিচারে বালু উত্তোলন করছেন সারিয়াকান্দি ও গাবতলী উপজেলার আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা। সেতুর ৫০ থেকে ২০০ গজের মধ্যে বালু উত্তোলনের ফলে ঝুঁকির মধ্যে পড়েছে সারিয়াকান্দি, ভেল্লাবাড়ি, জোড়গাছা ও তরণীহাট সেতু।
বগুড়ার সড়ক ও জনপথ (সওজ) বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হোসেন বলেন, সেতু থেকে ন্যূনতম আধকিলোমিটার দূর থেকে বালু তুলতে হয়। অন্যথায় সেতু ক্ষতিগ্রস্ত হবে। তবে এ তিনটি সেতুর বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান খান বলেন, বাঙ্গালী নদী থেকে নির্বিচারে বালু উত্তোলন বন্ধ করতে একাধিকবার অভিযান চালানো হয়েছে। কিছুতেই বালু উত্তোলন বন্ধ হচ্ছে না।
বগুড়ার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী পরিচালক নুরুল ইসলাম সরকার বলেন, বাঙ্গালী নদীর যেসব অংশ থেকে বালু উত্তোলন করা হচ্ছে—সেসব অংশ ইজারা দেওয়া হয়েছে কি না, তা খোঁজ নিয়ে জানতে হবে।
তবে বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদুল আলম বলেন, বাঙ্গালী নদীর সারিয়াকান্দি ও গাবতলী উপজেলার অংশে প্রশাসন থেকে কাউকে বালু তোলার অনুমতি দেওয়া হয়নি।
২১ এপ্রিল গাবতলী ও সারিয়াকান্দি উপজেলার চারটি স্থানে গিয়ে অবাধে বালু উত্তোলন করতে দেখা গেছে। গাবতলীর তরণীরহাট গার্ডার সেতুর নিচে নিজে দাঁড়িয়ে থেকে তিনটি শ্যালোইঞ্জিনচালিত যন্ত্র বসিয়ে নদীর তলদেশ থেকে বালু উত্তোলন কাজে তদারকি করছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান। হাবিবুর রহমান বলেন, ‘নদীতে পৈতৃক অনেক জায়গা-জমি বিলীন হয়েছে। তা ছাড়া রড-সিমেন্ট ও বালুর ব্যবসা করে জীবিকা চালাই। এ জন্য বছরের এ সময়ে দেড় দুই মাস নদী থেকে বালু উত্তোলন করি।’
সারিয়াকান্দির ভেল্লাবাড়ি এলাকায়ও সেতুর কাছে আওয়ামী লীগ ও বিএনপির নেতারা প্রতিযোগিতা করে বালু উত্তোলন করছেন। স্থানীয় লোকজন জানান, বাঙ্গালী নদীর এই অংশে মাসের পর মাস ধরে বালু উত্তোলন ও বালুর ব্যবসা নিয়ন্ত্রণ করছেন ভেল্লাবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুজাত মাহমুদ, ভেল্লাবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ও বিএনপির কর্মী হাবিবুর রহমান এবং বিএনপির কর্মী বেলাল হোসেন, মামুন হোসেন ও জুয়েল হোসেন।
হাবিবুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ-বিএনপি সবাই এখানে বালু তোলে। আমিও বালু তুলে ব্যবসা করি। এতে দোষের কিছু দেখি না।’
উপজেলার জোড়গাছা সেতুর উত্তর পাশে নদী থেকে বালু তুলছেন রেজাউল করিম নামের এক ব্যক্তি। আর সারিয়াকান্দি সেতুর নিচে এবং এর উত্তরপ্রান্তে বালু উত্তোলন করছেন স্থানীয় ব্যবসায়ী জাকির হোসেন এবং যুবলীগ ও ছাত্রলীগের নেতারা।