সেতু ঝুঁকিতে ফেলে বালু উত্তোলন
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত যমুনেশ্বরী নদীর ওপর নির্মিত বাহাগিলী সেতুর নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এ কারণে সেতুর স্তম্ভ দুর্বল হয়ে পড়ছে। কিশোরগঞ্জ উপজেলা প্রকৌশলী ফিরোজ হাসান বলেন, এভাবে সেতুর স্তম্ভের পাশ থেকে বালু উত্তোলন করলে স্তম্ভ দুর্বল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এলাকার বেশ কয়েকজন জানান, বাহাগিলী গ্রামের নরেন্দ্রনাথ নামের এক ব্যক্তি সেতুর নিচের বালু বিক্রি করছেন। এ ছাড়া কিছু ট্রাক্টরচালকও এখান থেকে বালু তুলে নিয়ে যাচ্ছেন। কিশোরগঞ্জ উপজেলা সদর থেকে তারাগঞ্জ উপজেলা সদর হয়ে যে সড়কটি রংপুর-দিনাজপুর মহাসড়কে মিশেছে, সেই সড়কের বাহাগিলী গ্রামের কাছে যমুনেশ্বরী নদীর ওপর ১৯৯০ সালে সেতুটি নির্মাণ করা হয়। ১১০ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণ করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। সেতুটির ওপর দিয়ে কিশোরগঞ্জের মানুষ তারাগঞ্জ, ঢাকাসহ বিভিন্ন স্থানে যাতায়াত করেন। বাহাগিলী গ্রামের কৃষক আফজাল হোসেন বলেন, ‘বালু উত্তোলন করায় নদীর পাড় ভাঙ্গি পড়ছে। তারপর আসতে আসতে হামার গুলার আবাদি জমিও নদীত ভাঙ্গি যায়ছে।’ একই গ্রামের সিরাজুল ইসলাম বলেন, মাঝেমধ্যে বন্ধ থাকলেও এখন সেতুর নিচ থেকে দিন-রাত বালু তোলা হচ্ছে। নিষেধ করলেও কেউ মানছেন না। ৪ মে সরেজমিনে দেখা যায়, শ্রমিকেরা সেতুর নিচে স্তম্ভ ঘেঁষে বালু তুলে ট্রাক্টরে বোঝাই করছেন। কার অনুমতি নিয়ে বালু তোলা হচ্ছে, এমন প্রশ্নের জবাবে তারাগঞ্জের খিয়ারজুমঞ্চা গ্রামের ট্রাক্টরচালক আশরাফুল আলম বলেন, ‘এটা তো নদী, এখান থেকে বালু তুলতে অনুমতি লাগবে কেন?’ তারাগঞ্জের কাজীপাড়া গ্রামের আরেক ট্রাক্টরচালক শফিকুল ইসলাম বলেন, ‘এভাবে নদী থেকে বালু তোলা যে আইনত দণ্ডনীয়, তাক জানি না। হামাক কায়ো বাধাও করে না।’ বাহাগিলী গ্রামের নরেন্দ্রনাথকে ট্রাক্টরপ্রতি ৭০-৮০ টাকা দিলেই বালু তোলা যায়।’ জানতে চাইলে নরেন্দ্রনাথ বলেন, ‘মোর সব জমি নদী খায়ছে। সেতুর পশ্চিম দিকে নদীর মধ্যে মোর পাঁচ একর জমি আছে। ওই স্থান থেকে কেউ বালু তুললে আমি ট্রাক্টরপ্রতি ৫০-৬০ টাকা করে নিই।’ কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম আজম বলেন, ‘ওই এলাকায় দুবার অভিযান চালিয়েছি। কিন্তু বালু উত্তোলনকারীদের ধরতে পারিনি। বালু উত্তোলনকারীদের ধরতে পারলে কঠোর ব্যবস্থা নেব।’ এ ব্যাপারে পাউবোর সৈয়দপুরের নির্বাহী প্রকৌশলী শহিদার রহমান বলেন, আজ (বুধবার) সেখানে লোক পাঠিয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।