সেতু ঝুঁকিতে ফেলে বালু তুলছেন আ.লীগ নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন সেতুর নিচ থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অবৈধভাবে বালু তুলছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে খোয়াই নদের ওপর ১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি ঝুঁকির মুখে পড়েছে এবং নদীর প্রতিরক্ষা বাঁধে ফাটল দেখা দিয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বাংলা সনের বৈশাখ থেকে এক বছরের জন্য খোয়াই নদের দুটি বালুমহাল এক কোটি ২২ লাখ টাকায় দুজনকে ইজারা দেওয়া হয়েছে। নদীর হবিগঞ্জ শহরের গরুর বাজার থেকে শুরু হয়ে সদর উপজেলার শায়েস্তাগঞ্জ পর্যন্ত প্রায় ৯৫ একর আয়তনের বালুমহাল ৮৫ লাখ টাকায় ইজারা নিয়েছেন শহরের চৌধুরী বাজার এলাকার ব্যবসায়ী নজরুল হোসেন। একই নদীর উত্তর অংশের ২০ একর আয়তনের বালুমহাল ৩৭ লাখ টাকায় ইজারা নেন বিপুল পাল নামের অপর এক ব্যবসায়ী।

এলাকাবাসী জানান, ইজারাদারেরা বালুমহাল দুটি চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. রজব আলী, যুবলীগের শায়েস্তাগঞ্জ কমিটির সভাপতি শহীদ উদ্দিন, একই সংগঠনের সদস্য বশির আহমেদ ও স্বেচ্ছাসেবক লীগের শায়েস্তাগঞ্জ কমিটির শাখার সাধারণ সম্পাদক শহীদুল ইসলামসহ ১০-১২ জনের কাছে উপ-ইজারা দিয়েছেন।

ইজারাদার নজমুল হোসেন ও বিপুল পাল বালুমহাল উপ-ইজারা দেওয়ার কথা স্বীকার করে জানান, এ ধরনের মহাল এককভাবে ইজারা নিয়ে ব্যবসা করা যায় না। এ জন্য সরকারদলীয় বেশ কয়েকজন নেতা তাঁদের সঙ্গে আছেন। তবে তাঁদের নাম বলতে রাজি হননি তাঁরা।

এলাকাবাসী অভিযোগ করেন, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের উল্লিখিত নেতা-কর্মীরা দুই মাস ধরে ইজারার নির্ধারিত স্থান ছেড়ে শায়েস্তাগঞ্জ নতুন সেতুর নিচ থেকে বালু তুলছেন। শ্যালো ইঞ্জিনচালিত যন্ত্র বসিয়ে পাইপ দিয়ে নদী থেকে বালু তোলা হচ্ছে। প্রতিদিন শতাধিক ট্রাকে বালু ভর্তি করে বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়।

গত মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, সেতুর একেবারে নিচ থেকে বালু তোলা হচ্ছে। বালু তোলার জন্য আধা কিলোমিটার এলাকাজুড়ে একসঙ্গে ১০-১২টি শ্যালো ইঞ্জিনচালিত যন্ত্র বসানো হয়েছে। এতগুলো যন্ত্র দিয়ে বালু তোলায় নদীর পানির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং নদীর প্রতিরক্ষা বাঁধের কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে। বালু তোলার কাজে নিয়োজিত একজন শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ইজারাদারদের দেখিয়ে দেওয়া স্থান থেকে তাঁরা বালু তুলছেন।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের হবিগঞ্জ কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী রোকনুজ্জামান বলেন, শ্যালো ইঞ্জিনচালিত যন্ত্র দিয়ে বালু তোলায় সেতুর স্তম্ভের গোড়ার মাটি সরে গেছে। এভাবে বালু তোলা অব্যাহত থাকলে মেঘনা-গোমতী সেতুর মতো এ সেতু দেবে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি তিনি সওজের সিলেট বিভাগী কার্যালয়কে মৌখিকভাবে জানিয়েছেন।

বালুমহাল ইজারা প্রদান ও আনুষঙ্গিক বিষয়ে প্রণীত আইনের ৪ ধারার খ উপধারায় উল্লেখ করা হয়েছে, ‘সেতু, কালভার্ট, বাঁধসহ বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনার এক কিলোমিটারের মধ্য থেকে বালু উত্তোলন করা যাবে না।’ এ আইনের ৫ ধারায় উল্লেখ করা হয়েছে, পাম্প বা ড্রেজিং বা অন্য কোনো মাধ্যমে ভূগর্ভস্থ বা নদীর তলদেশ থেকে বালু বা মাটি তোলা যাবে না।

 সেতুর নিচ থেকে বালু তোলার কথা অস্বীকার করেছেন যুবলীগের শায়েস্তাগঞ্জ কমিটির সভাপতি। চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রজব আলী বলেন, যে বালু তোলা হচ্ছে, তা বাড়তি বালু। নদী থেকে কোনো বালু তোলা হচ্ছে না। অভিযোগ থাকলে যন্ত্র দূরে সরিয়ে নেব।

হবিগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্বে থাকা আশরাফুর রহমান জানান, সেতুর নিচ থেকে বালু তোলার বিষয়টি তিনি জানেন না। তবে ঘটনাস্থলে লোক পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। তিনি আরও জানান, বালুমহাল উপ-ইজারা দেওয়ার কোনো নিয়ম নেই। কেউ তা করে থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।