সেতু ঝুঁকিতে, সংস্কারের উদ্যোগ নেই কর্তৃপক্ষের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা-সুন্দরগঞ্জ-মীরগঞ্জ সড়কের ঝুঁকিপূর্ণ ডাকবাংলো সেতু। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
গাইবান্ধা-সুন্দরগঞ্জ-মীরগঞ্জ সড়কের ঝুঁকিপূর্ণ ডাকবাংলো সেতু। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

গাইবান্ধা-সুন্দরগঞ্জ-মীরগঞ্জ সড়কের ডাকবাংলো সেতুটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দুর্ঘটনা এড়াতে খুঁটিতে লাল রং দিয়ে ভারী যানবাহনের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরও ঝুঁকি নিয়ে যানবাহন পারাপার হচ্ছে। তবু সেতুটি সংস্কারের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ।
গাইবান্ধা জেলা পরিষদ কার্যালয়ের সূত্রে জানা গেছে, ১৯৮৪ সালে গাইবান্ধা-সুন্দরগঞ্জ-মীরগঞ্জ সড়কের কন্নিপাড়া খালের ওপর সেতুটি নির্মিত হয়। সে সময় প্রায় এক কোটি টাকা ব্যয়ে জেলা পরিষদ এই সেতু নির্মাণ করে। সেতুটি নির্মিত হওয়ায় সুন্দরগঞ্জ উপজেলা শহরের সঙ্গে পার্শ্ববর্তী জেলা রংপুরের পীরগাছা ও পীরগঞ্জ উপজেলা এবং রংপুর নগরের সড়ক যোগাযোগসুবিধা বৃদ্ধি পায়। কিন্তু নির্মাণের পর থেকে সেতুটিতে কোনো ধরনের সংস্কারকাজ হয়নি। ফলে সেতুটি বর্তমানে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিশেষত সেতুর ছাদ ও পিলার দুর্বল হয়ে পড়েছে। সেতুর নিচের অংশের পলেস্তারা খসে পড়ছে। কিন্তু সংস্কারের কোনো উদ্যোগ নেই।
সরেজমিনে দেখা গেছে, সেতুটি বেহাল। মানুষ হেঁটে চলাচল করছে। দুয়েকটি করে রিকশাভ্যান চলছে। ভারী কোনো যানবাহন উঠলেই সেতুটি কেঁপে উঠছে। দুর্ঘটনা এড়াতে সেতুর দক্ষিণ পাশের প্রবেশপথে খুঁটিতে লাল রং দিয়ে ভারী যানবাহনের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরও ঝুঁকি নিয়ে যানবাহন চলছে।
সুন্দরগঞ্জের পৌর মেয়র আবদুল্যাহ আল মামুন বলেন, সড়কপথে যোগাযোগের ক্ষেত্রে সেতুটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ, সেতু থেকে মাত্র ১০০ গজ দূরেই উপজেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সুন্দরগঞ্জ থানা ভবন, আবদুল মজিদ সরকারি উচ্চবিদ্যালয়, আমিনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও ঐতিহ্যবাহী মীরগঞ্জ হাট। এ ছাড়া এই সেতু ব্যবহার করে তারাপুর ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষকে উপজেলা শহরে যেতে হয়। কিন্তু সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে।
উপজেলার তারাপুর ইউনিয়নের চৈতন্যবাজার গ্রামের শিক্ষক মুকুল মিয়া বলেন, এই সড়ক ধরে রংপুর ও পীরগাছা উপজেলার কয়েক হাজার মানুষ সরাসরি বাসযোগে গাইবান্ধা শহরে যাতায়াত করেন। গাইবান্ধা ও সুন্দরগঞ্জ থেকেও অনেক মানুষ রংপুর ও পীরগাছায় যান। কিন্তু যান চলাচল বন্ধ থাকায় ২০ কিলোমিটার ঘুরে বামনডাঙ্গা হয়ে যাতায়াত করতে হচ্ছে। ফলে ওই এলাকাগুলোর মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। একই গ্রামের কলেজছাত্র তাপস পাল বলেন, সেতু ভেঙে পড়ার আশঙ্কায় বর্তমানে অটোরিকশায় চলাচল করতে ভয় লাগে।
সুন্দরগঞ্জের মীরগঞ্জ এলাকার ব্যবসায়ী মুক্তা মিয়া বলেন, মীরগঞ্জ হাটের ব্যবসায়ীরা সাধারণত রংপুর নগর থেকে মালামাল এনে এখানে বিক্রি করেন। কিন্তু এই সড়কে ভারী যানবাহনের চলাচল বন্ধ থাকায় বিকল্প পথে মালামাল পরিবহনে খরচ বেশি পড়ছে। এ কারণে বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামও বেড়ে গেছে।
এলজিইডির সুন্দরগঞ্জ উপজেলা প্রকৌশলী আবুল মনছুর মুঠোফোনে গত শুক্রবার প্রথম আলোকে বলেন, সেতুটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই ভারী যানবাহনের চলাচল বন্ধে খুঁটি স্থাপন করা হয়েছে। খুঁটিতে লাল রং দেওয়া হয়েছে। সেতুটি জেলা পরিষদের। জেলা পরিষদই এটির সংস্কার করবে।
এসব বিষয়ে জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী সিদ্দিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, সেতুটি সংস্কারে প্রকল্প তৈরি করা হবে।