সেতু, তুমি কার
পাটাতনে ফাটল দেখা দেওয়ায় ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের বালুয়াপাড়ার বেইলি সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সরকারের কোনো বিভাগ সেতুটির দায়িত্ব নিচ্ছে না।
এ কারণে দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি এটি। এতে উপজেলার চার ইউনিয়নের চার হাজার মানুষ প্রতিদিন ভোগান্তি পোহাচ্ছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), গৌরীপুর পৌরসভা এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তারা জানান, সেতুটি তাঁদের বিভাগের নয়।
সেতুটি কোন সালে নির্মিত হয়েছিল, এ তথ্যও তাঁরা জানেন না। তবে স্থানীয় লোকজন জানান, প্রায় ১৭ বছর আগে বালুয়া নদীর ওপর ৫০ মিটার দীর্ঘ এই সেতু নির্মাণ করা হয়।
তবে সরকারের কোন বিভাগ সেতুটি নির্মাণ করেছে, তা তাঁরাও জানেন না।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের গৌরীপুর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান বলেন, ‘সেতুটি গৌরীপুর পৌরসভার অধীন। তাই আমাদের কিছু করার সুযোগ নেই।’
গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বলেন, ‘আমার জানামতে, সেতুটি কিশোরগঞ্জ সওজের অধীন। ঝুঁকিপূর্ণ এই সেতুটি সংস্কারের জন্য ওই দপ্তরে আমি লিখিত আবেদন করলেও কোনো সাড়া পাইনি।’
সওজের কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, ‘কিশোরগঞ্জ-ময়মনসিংহ সড়কের গৌরীপুর উপজেলার কিছু অংশ আমাদের আওতায় পড়েছে। তবে গৌরীপুর পৌর এলাকায় আমাদের কোনো বেইলি সেতু নেই।’
সওজের ময়মনসিংহ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শামীম আল মামুন বলেন, সেতুটির দায়িত্ব কার, সেটি নিয়ে স্পষ্ট কিছু বলা যাচ্ছে না। সেতুটি ময়মনসিংহ সওজের নয়।
সরেজমিনে দেখা যায়, সেতুটির পাটাতনে মরিচা পড়ে বেশ কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে। স্টিলের তৈরি বিভিন্ন যন্ত্রাংশ চুরি হয়ে যাওয়ায় সেতুটি নড়বড়ে হয়ে গেছে। ঝুঁকি নিয়েই এর ওপর দিয়ে রিকশা, ইজিবাইক, ভ্যান, মোটরসাইকেল, মালবোঝাই ট্রাক্টরসহ বিভিন্ন ধরনের যান চলাচল করছে।
এলাকাবাসী জানান, সেতুটি দিয়ে উপজেলার বোকাইনগর, অচিন্তপুর, মাওহা ও সহনাটি ইউনিয়নের চার হাজার মানুষ প্রতিদিন উপজেলা সদরে যাতায়াত করে।
২০১৩ সালের মাঝামাঝি সময়ে সেতুটিকে ঝুঁকিপূর্ণ মনে করে স্থানীয় লোকজন বাঁশ দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে ভারী যান চলাচল বন্ধ করে দেন। পরে অবশ্য বাঁশের সেই প্রতিবন্ধকতা তুলে নেওয়া হয়।