সেতু থেকে খাদে ট্রাক, চালক ও সহকারী নিহত
নগরবাড়ী-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ব দেলুয়ায় সেতুর রেলিং ভেঙে চিনিবোঝাই একটি ট্রাক নদীতে পড়ে সেটির চালক ও সহকারী দুজনই নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোর চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ট্রাকের চালক নাটোরের সিংড়া উপজেলার খেজুরতলা গ্রামের হাসেন আলীর ছেলে আব্বাস আলী (৩৫) ও একই গ্রামের সুলতান মাহমুদের ছেলে সোহাগ আলী (২২)।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিজাম উদ্দিন জানান, ঢাকা থেকে চিনিভর্তি ট্রাকটি শাহজাদপুর যাচ্ছিল। গতকাল ভোর রাত চারটার দিকে ওই মহাসড়কের পূর্ব দেলুয়া সেতুর ওপরে ওঠার সময় চালক নিয়ন্ত্রণ হারালে সেতুর বাঁ দিকের রেলিং ভেঙে মুক্তাহার নদে পড়ে যায়। এ সময় ট্রাকের কেবিনে আটকে পড়ে চালক ও সহকারী পানিতে ডুবে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে ট্রাকসহ লাশ দুটি উদ্ধার করে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আবদুল কাদের জিলানী জানান, ধারণা করা হচ্ছে, চালক নিদ্রাচ্ছন্নœথাকায় দুর্ঘটনাটি ঘটেছে। লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় হাইওয়ে থানায় মামলা হয়েছে।