সেতু থেকে পাটাতন বিচ্ছিন্ন, ট্রাকে আগুন
সিরাজগঞ্জে তিনটি পণ্যবাহী ট্রাকে আগুন, ১০টি গাড়ি ভাঙচুর এবং দুটি বেইলি সেতুর পাটাতন খুলে ফেলার ঘটনা ঘটেছে। জামায়াতের হরতাল ও বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের নতুন দফা অবরোধে গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার ভোর পর্যন্ত এসব নাশকতা চালানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে জামায়াত-শিবির কর্মীরা সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদে অবস্থান নিয়ে ১০টি গাড়ি ভাঙচুর করেন। এ সময় ভৈরব থেকে গাইবান্ধাগামী পণ্যবাহী তিনটি ট্রাকে আগুন দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ যাওয়ার পর অবরোধকারীরা সটকে পড়লে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
গতকাল ভোরে সিরাজগঞ্জ-কাজীপুর আঞ্চলিক সড়কের সদর উপজেলার সিরাজগঞ্জ পলিটেকনিক-সংলগ্ন ফকিরতলা বেইলি সেতুর তিনটি ও সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কের বহুলি হাজিবাড়ি বেইলি ব্রিজেরও চারটি পাটাতন খুলে ফেলেন অবরোধকারীরা। এতে সড়ক দুটিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
এ ছাড়া ভোর থেকেই সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কের বহুলিবাজার, সিরাজগঞ্জ-কাজীপুর সড়কের খোকশাবাড়ি ও সিরাজগঞ্জ-নলকা সড়কের এলজিইডি মোড়, শিয়ালকোল ও চণ্ডীদাসগাতি বাজারে পিকেটিং করেন বিএনপির কর্মীরা।
এর আগে মঙ্গলবার রাত ১০টার দিকে চণ্ডীদাসগাতি বাজারে অবস্থান নেন জামায়াত-শিবির কর্মীরা। পরে পুলিশ তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ প্রায় ২৫টি টিয়ার গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে জামায়াত-শিবির কর্মীদের ছত্রভঙ্গ করে। একই দাবিতে ঢাকা-পাবনা মহাসড়কের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া থেকে শ্রীখোলা মোড় পর্যন্ত গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন জামায়াত-শিবির কর্মীরা।