সেতু থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ধনাগোদা নদীর ওপর নির্মাণাধীন মতলব সেতুর ওপর থেকে পড়ে মো. হাবিব মিয়া (৫০) নামের এক নির্মাণশ্রমিক মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাইশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
হাবিব মিয়ার বাড়ি গাইবান্ধা জেলার শ্যামপুর এলাকায়। তিনি সেতু নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান রানা বিল্ডার্সে শ্রমিকের কাজ করতেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে হাবিব মিয়া ওই সেতুর ওপর মালামাল আনা-নেওয়ার কাজ করছিলেন। সেতু থেকে হঠাৎ ছিটকে তিনি নদীর পাড়ে পড়ে যান। সন্ধ্যায় গুরুতর অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাবিবের দুজন সহকর্মী বলেন, গাইবান্ধা থেকে এসে দু-তিন বছর ধরে হাবিব এ এলাকায় নির্মাণশ্রমিকের কাজ করে আসছিলেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। তাঁর আয়েই সংসার চলত। তিনি মারা যাওয়ায় তাঁর পরিবার চরম বিপাকে পড়বে।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কুতুব উদ্দিন বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ বৃহস্পতিবার রাতে চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।