সেতু দেবে ১০ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারী বৃষ্টিতে সিলেট-আখাউড়া রেলপথের লাউয়াছড়া জাতীয় উদ্যানের শ্রীমঙ্গল উপজেলার জানকিছড়া রেলসেতুর খুঁটি দেবে গত শুক্রবার রাতে সিলেট-ঢাকা ও চট্টগ্রামের মধ্যে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। গতকাল শনিবার ১০ ঘণ্টা পর পুনরায় সেতুটি সংস্কার করার পর ওই পথে ট্রেন চলাচল স্বাভাবিক করে রেল কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ৪ জুন পর্যন্ত পরপর চারবার একই রেলসেতুর আরসিসি খুঁটি দেবে সিলেটের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ ছিল।
শ্রীমঙ্গল ও শমশেরনগর রেলস্টেশন সূত্রে জানা যায়, গত শুক্রবার দিবাগত রাত দুইটায় ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টি হয়। এই বৃষ্টির কারণে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে প্রবাহিত জানকিছড়া দিয়ে প্রবল বেগে পানি নামতে শুরু করে। ওই পানির চাপে রাতেই ১৫৭ নম্বর জানকিছড়া রেলসেতুর একটি খুঁটি দেবে যায়। এতে রাত দুইটার পর থেকে সিলেট-ঢাকা ও চট্টগ্রামের মধ্যে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ অবস্থায় শুক্রবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তনগর উপবন এক্সপ্রেস ট্রেন শ্রীমঙ্গল স্টেশনে আটকা পড়ে। অন্যদিকে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটমুখী আন্তনগর উদয়ন এক্সপ্রেস ট্রেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আটকা পড়ে। এ ছাড়া শনিবার সকালে সিলেট থেকে ঢাকাগামী আন্তনগর কালনি এক্সপ্রেস ট্রেন প্রায় দুই ঘণ্টা বিলম্বে সকাল ৮টা ৪০ মিনিটে সিলেট থেকে যাত্রা শুরু করে। ফলে তিনটি আন্তনগর ট্রেনের সহস্রাধিক যাত্রী দুর্ভোগের শিকার হন।
শমশেরনগর স্টেশনের সহকারী মাস্টার কবির আহমদ বলেন, গতকাল ভোর থেকে রেলওয়ের গণপূর্ত বিভাগের কর্মীরা ক্ষতিগ্রস্ত রেলসেতু মেরামতকাজ শুরু করেন। বেলা ১১টা ৫০ মিনিটে সেতুটি ট্রেন চলাচলের জন্য স্বাভাবিক ঘোষণা করে। দুপুর ১২টায় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটমুখী পারাবত এক্সপ্রেস ওই সেতুর ওপর ওঠার মধ্য দিয়ে সিলেট, ঢাকা ও চট্টগ্রামের মধ্যে ট্রেন চলাচল শুরু হয়।
কবির আহমদ আরও বলেন, ২৪ ফেব্রুয়ারি প্রথম দফা পাহাড়ি ঢলের পানির আঘাতে একই রেলসেতুর খুঁটি দেবে প্রায় ২৫ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। ৩ এপ্রিল দ্বিতীয় দফা একই কারণে এ সেতুর আইটিসহ গার্ডার দেবে গেলে ১৪ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। আবার শুক্রবার (৩ জুন) রাতে একই ঘটনা ঘটে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক রেলের গণপূর্ত বিভাগের এক কর্মচারী বলেন, এপ্রিল মাসে দুই দফা এই সেতুর খুঁটি দেবে যায়। এ নিয়ে পরপর চারবার খুঁটি দেবে যায়।