সেতু ধসে আহত ৭, নিখোঁজ ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বরিশালের উজিরপুর উপজেলার সানুহার ধামুরা সড়কে ধামুরা বন্দর-সংলগ্ন সেতুটি আজ মঙ্গলবার রাতে ধসে পড়েছে। এ সময় সেতুর ওপর থাকা সাতজন আহত হয়েছেন।

ঘটনার পর থেকে ধামুরা বাজারের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বরিশাল, উজিরপুর ফায়ার সার্ভিস ও থানা-পুলিশ উদ্ধারকাজ অব্যাহত রেখেছে। রাতেই পুলিশ ট্রলারমালিক রবিউলকে গ্রেপ্তার করেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, উজিরপুরের ধামুরা এলাকার ব্যবসায়ী সিরাজ উদ্দিন মাদারীপুর থেকে ইট কিনে একটি ট্রলারে করে আজ বিকেলে ধামুরার উদ্দেশে ছেড়ে আসেন। সন্ধ্যা সাতটার দিকে ট্রলারটি ধামুরা বন্দর-সংলগ্ন প্রধান সেতুর কাছে পৌঁছালে সেতুর সঙ্গে ট্রলারটির ধাক্কা লেগে সেতুর অর্ধেকের বেশি বিধ্বস্ত হয়ে খালের মধ্যে পড়ে যায়। এ সময় পারাপারের জন্য সেতুর ওপর থাকা সাতজন সেতু ভেঙে খালের মধ্যে পড়ে আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উজিরপুর, বরিশাল ফায়ার সার্ভিসের কর্মী ও উজিরপুর মডেল থানার পুলিশ। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার রাত নয়টায় বলেন, উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। দুজন নিখোঁজ থাকতে পারে।