
ঘূর্ণিঝড় রোয়ানুর তাণ্ডবে বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের বাঁশবুনিয়া খালের ওপরের সেতুটি মাঝবরাবর ধসে যাওয়ায় দুই পারের ছয়টি গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে দুটি প্রাথমিক বিদ্যালয়ের কয়েক শ শিক্ষার্থীসহ অন্তত ১৫ হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন।
হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম মৃধা বলেন, ‘সেতুটি নির্মাণের জন্য এলজিইডি কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি।’
স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের (এলজিইডি) আমতলী উপজেলা কার্যালয় সূত্র জানায়, ২০০৬ সালে ৪০ লাখ টাকা ব্যয়ে করে খালের ওপর লোহার সেতুটি নির্মাণ করা হয়। সেতুটি দিয়ে জগৎ চাঁদ, মধ্য টেপুরা, উত্তর টেপুরা, দক্ষিণ টেপুরা, পূর্ব টেপুরা ও দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামের ১৫ হাজার মানুষ উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় যাতায়াত করেন। সেতুর পশ্চিম পারে রয়েছে জেবি সেনের হাট ও দক্ষিণ তক্তাবুনিয়া প্রাথমিক বিদ্যালয়। খাল পার হয়ে পূর্ব পার থেকে দুটি বিদ্যালয়ে প্রায় দেড় শ শিক্ষার্থী প্রতিদিন আসা-যাওয়া করে।
এলাকার লোকজন জানান, রোয়ানুর তাণ্ডবে গত ২১ মে মুষলধারে বৃষ্টির সময় কয়েকজন পথচারীসহ সেতুটির মাঝবরাবর ৩০ মিটার অংশ ধসে খালের মধ্যে পড়ে যায়। এতে দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামের নাসিম ফকির, সোহেল মোল্লা ও জাহিদুল মৃধা আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান। সেতুটি ধসে পড়ার পর উপজেলা সদরসহ অন্যান্য স্থানে যাতায়াত করতে বর্তমানে সেতুর পাশ দিয়ে একটি ডিঙি নৌকায় পারাপার হচ্ছেন লোকজন। ছোট নৌকায় পারাপার হতে গিয়ে, বিশেষ করে নারী ও শিশুদের ভোগান্তি পোহাতে হচ্ছে। ভাটার সময় খেয়াঘাট দূরে সরে যাওয়ায় খালের কাদাপানিতে জামাকাপড় নষ্ট হয়ে যায়।
জগৎ চাঁদ গ্রামের ষাটোর্ধ্ব আছিয়া বেগম বলেন, ‘বাবা, মোরা বুড়া মানুষ। এই রহম ডোঙ্গা নৌকায় কইর্যা খাল পার অইতে যে কী কষ্ট, বুঝাইতে পারমু না। মোগো এই কষ্ট দ্যাহার কি কেউ নাই।’
জেবি সেনের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিস কান্তি হালদার জানান, খেয়া পার হতে গিয়ে গত কয়েক দিনে তিন-চারবার নৌকাডুবি হয়েছে। এতে পঞ্চম শ্রেণির লামিয়া, দ্বিতীয় শ্রেণির নাসির, চতুর্থ শ্রেণির দিশারি ও শিশু শ্রেণির ইমরান নামের চারজন শিশু পানিতে পড়ে গিয়ে আহত হয়। এ ছাড়া নৌকাডুবির ফলে তাদের বই-খাতা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।
দক্ষিণ তক্তাবুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ বি এম ছোবাহান বলেন, খেয়া পারাপার হতে গিয়ে শিশুরা কাদায় জামাকাপড় নষ্ট করে ফেলে। এ অবস্থায় সারা দিন তাদের ক্লাস করতে হয়। এতে শ্রেণিকক্ষে তাদের মনোযোগ থাকে না। যত দ্রুত সম্ভব সেতুটি নির্মাণ করা প্রয়োজন।
এলজিইডির উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, ‘সেতুটি নির্মাণের জন্য আমরা জরুরি বরাদ্দ চেয়েছি। পাওয়া গেলে কাজ শুরু করা হবে।’