সেতু ধসে পড়ার আট মাসেও ধ্বংসস্তূপ সরানো হয়নি

বরিশাল-পয়সারহাট সড়কের বরিশালের আগৈলঝাড়া উপজেলার জোবারপাড়ে একটি সেতু ধসে পড়ার আট মাসেরও বেশি সময় পরও এখানে নতুন সেতু নির্মাণ করা হয়নি। ধসে পড়া সেতুটির ধ্বংসস্তূপ খাল থেকে অপসারণ করা হয়নি। এ কারণে ওই পথে সড়ক ও নৌ-যোগাযোগ বন্ধ রয়েছে। আর জনসাধারণকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
জেলা পরিষদ সূত্র এবং সরেজমিনে গত রোববার স্থানীয় কিছু লোকের সঙ্গে কথা বলে জানা গেছে, বরিশাল-পয়সারহাট ভায়া আগৈলঝাড়া সড়কে আগৈলঝাড়া-পয়সারহাট খালের জোবারপাড়ে বরিশাল জেলা পরিষদ ২০০৪-০৫ অর্থবছরে সাড়ে ১৮ লাখ টাকা ব্যয়ে ৩৫ মিটার দীর্ঘ একটি আরসিসি গার্ডার সেতু নির্মাণ করে। গত ৩ মার্চ সেতুটি ধসে পড়ে।
এলাকার কয়েকজন জানান, সেতুটির নির্মাণকাজ শেষ হওয়ার দুই-তিন মাস পরই এর সাতটি পিলারের নিচের অংশে ঢালাই খসে পড়ে রড বের হয়ে যায়। তাঁরা জানান, সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় এটি সংস্কারের জন্য কর্তৃপক্ষকে বারবার বলা সত্ত্বেও তারা কোনো পদক্ষেপ নেয়নি।
জোবারপাড় বাজারের ব্যবসায়ী সৈয়দ আলী বক্তিয়ার (৭০) ও বঙ্কিম চন্দ্র (৪৫) জানান, সেতুটি আট মাস ধরে ভেঙে পড়ে আছে। এই সেতু দিয়ে উপজেলার বাকাল ইউনিয়নের স্বরবাড়ি, জোবারপাড়, কালীবাড়ি, চক্রিবাড়ি, আস্কর, বাকাল বাজারের ব্যবসায়ীরা পণ্য পরিবহন করতেন। এই সেতুর ওপর দিয়ে হাজারো মানুষ যাতায়াত করত। আট মাস ধরে এই সড়কে যানবাহন ও ওই খালে নৌযান চলাচল বন্ধ রয়েছে।
সেতুটি ভেঙে খালের মধ্যে পড়ে থাকায় আগৈলঝাড়া-পয়সারহাট, আগৈলঝাড়া-সাতলা, আগৈলঝাড়া-গোপালগঞ্জ, আগৈলঝাড়া-মাদারীপুর পথে নৌ-যোগাযোগ বন্ধ রয়েছে। এতে কৃষকেরা উৎপাদিত ফসল নৌকায় করে গন্তব্যে নিতে পারছেন না। বিকল্প পথে পণ্য পরিবহনে একদিকে ভোগান্তি পোহাতে হচ্ছে, অন্যদিকে অর্থ ও সময় দুটোই বেশি লাগছে।
বাকাল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিপুল দাস জানান, ধসে পড়ার পর একাধিকবার বিষয়টি সংশ্লিষ্ট জেলা পরিষদের প্রকৌশলী ও উপজেলা চেয়ারম্যানকে জানানো হয়েছে। তাঁরা কোনো পদক্ষেপ নেননি। আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান জানান, বারবার বলা সত্ত্বেও সংশ্লিষ্ট ব্যক্তিরা ব্যবস্থা নিচ্ছেন না। জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী জাহিদুর রহমান বলেন, জনগুরুত্বপূর্ণ সেতুটি ভেঙে পড়ায় মানুষের ভোগান্তি হচ্ছে এ কথা সত্য। কিন্তু বরাদ্দ না থাকায় পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।