সেতু ধসে বিপাকে ছয় গ্রামের মানুষ
খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের পাকুজ্যাছড়ি গ্রামের পাশে কুড়াদিয়া ছড়ার ওপর নির্মিত সেতুটি গত বর্ষায় ভেঙে গেছে। এতে ছয় গ্রামের সঙ্গে উপজেলা সদরের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় উৎপাদিত ফসল বাজারে নিয়ে বিক্রি করতে পারছেন না কৃষকেরা। এতে তাঁরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
স্থানীয় বাসিন্দারা এখন বাঁশের সাঁকো তৈরি করে ওই সড়ক দিয়ে চলাচল করছেন।
পাকুজ্যাছড়ি গ্রামের প্রধান (কার্বারি) আনন্দ লাল চাকমা (৬০) বলেন, সেতুটির ওপর দিয়ে গাড়ি চলাচল করত। কিন্তু এখন সেতুটি না থাকায় গ্রামের কৃষকদের ফসল পরিবহনের খরচ বেড়ে গেছে।
কুড়াদিয়া ছড়া ভাঙনে ক্ষতিগ্রস্ত পাকুজ্যাছড়ি গ্রামের কৃষক প্রবী রঞ্জন চাকমা (৫০) বলেন, ১৯৯৪ সালে পাকুজ্যাছড়ি গ্রাম থেকে দুই কিলোমিটার দূরে লাম্বাছড়া এলাকায় কুড়াদিয়া ছড়ার ওপর অপরিকল্পিতভাবে স্লুইস গেট নির্মাণ করা হয়। এতে ছড়ার গতি পরিবর্তন হয়ে যায়। তিনি বলেন, অপরিকল্পিতভাবে স্লুইস গেট নির্মাণ করার কারণে এই ভাঙন দেখা দিয়েছে।
ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কান্তি লাল দেওয়ান বলেন, ‘সেতু ধসের কারণে ওই এলাকার মানুষ ভোগান্তিতে পড়েছেন। বিষয়টি আমরা উপজেলা পরিষদে জানিয়েছি।’
খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা বলেন, সেতু ধসে পড়ার কারণে এলাকার লোকজনের চলাচলে ভীষণ অসুবিধা হচ্ছে।
জেলা পরিষদের সহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার হাওলাদার বলেন, স্থানীয় জনপ্রতিনিধিরা জেলা পরিষদের চেয়ারম্যান বরাবরে আবেদন করলে তিনি এ ব্যাপারে ব্যবস্থা নেবেন।