প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর বদলগাছি উপজেলায় গতকাল সন্ধ্যায় একটি পুরোনো সেতু ধসে এক শ্রমিক মারা গেছেন। সেতুটি ভাঙার সময় এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শ্রমিকের নাম সুজন হোসেন (২৭)। তাঁর বাড়ি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার চকরঘুনাথ গ্রামে। তিনি ওই গ্রামের আবদুল জলিলের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের আওতায় উপজেলার গোরশাহী গ্রামে একটি নতুন সেতু নির্মাণে ঠিকাদার নিয়োগ করা হয়। সেই ঠিকদার সেখানে থাকা পুরোনো সেতুটি শ্রমিকদের দিয়ে ভাঙাচ্ছিলেন। গতকাল সন্ধ্যায় সুজন ও শহিদুল ইসলাম নামের আরেকজন সেতুটি ভাঙার কাজ করছিলেন। এ সময় তাঁদের ওপর সেতুটি ধসে পড়ে। এতে সুজন ঘটনাস্থলেই মারা যান।