সেতু ধসে যান চলাচল বন্ধ জনদুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট ও সিরাজগঞ্জের কাজীপুর ঢেকুরিয়া সড়কের রামকৃষ্ণপুর গ্রামের কাছের সেতুটির মাঝ বরাবর ধসে পড়ে এখন মরণফাঁদে পরিণত হয়েছে। এতে কাজীপুরের সঙ্গে ধুনট উপজেলার সরাসরি যোগাযোগ বন্ধ হয়েছে।
ঢেকুরিয়া বাজরের ব্যবসায়ী সোবহান আলী বলেন, দুই মাস ধরে সেতুটি ভেঙে পড়ায় যোগাযোগব্যবস্থার বিপর্যয় ঘটেছে। অন্য রাস্তা দিয়ে মালামাল পরিবহন করতে হচ্ছে। এতে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় বাজারের দোকানগুলোতে পণ্যসামগ্রীর দামও বেড়ে গেছে। হরিনাথপুর কলেজের প্রভাষক আবদুল জলিল বলেন, সেতুটি ভেঙে যাওয়ায় এলাকার লোকজনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
গত শনিবার সরেজমিনে দেখা গেছে, রামকৃষ্ণপুর সেতুটির দৈর্ঘ প্রায় ১০ মিটার৷ সেতুটির মাঝখানে বড় অংশ ধসে পড়ে লোহার রড বেরিয়ে গেছে৷ যানবাহন চলাচলের উপায় নেই৷ একপাশ দিয়ে রিকশা ও অটোরিকশা ঝুঁকি নিয়ে চললেও প্রাইভেট কারসহ বড় ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে৷
রামকৃষ্ণপুর গ্রামের কয়েকজন জানান, প্রায় নয় বছর আগে সিরাজগঞ্জ সওজ বিভাগ ধুনট উপজেলা সদর থেকে বাঘবেড় বাজার হয়ে কাজীপুর উপজেলার ঢেকুরিয়া বাজার পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার পাকা সড়ক নির্মাণ করে। একই সময়ে রাস্তার রামকৃষ্ণপুর গ্রামের কাছে জিসি রোডে সেতুটি নির্মাণ করে৷ প্রায় দুই মাস আগে সেতুর মাঝখানে ধসে লোহার রড বেরিয়ে পড়েছে।
সিরাগঞ্জ সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।