সেতু ধসে স্বপ্ন ভেঙে খান খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এপারে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ‘শোনপঁচা’র চর ও ওপারে জামালপুরের মাদারগঞ্জের ‘চর বিষের পলট’। দুই চরকে আলাদা করেছে ছোট্ট একটা খাল। বর্ষায় এই খাল পারাপারে চরবাসীর জন্য ৫৪ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল একটি সেতু। সেতুর নির্মাণকাজ শেষ হয়েছিল মাসখানেক আগে। কিন্তু যমুনার প্রবল স্রোতে ধসে গেছে সেতুটি।

গত শনিবার সরেজমিনে দেখা যায়, ফুঁসে ওঠা যমুনা নদীর উথালপাতাল ঢেউ আর পানির ভয়ংকর স্রোত হুহু করে ঢুকছে দুর্গম চরের মাঠ ও খাল ছাপিয়ে লোকালয়ে। বসতঘর বুকসমান পানির নিচে। বাড়িঘর ছেড়ে লোকজন উঠেছে বিভিন্ন আশ্রয়শিবিরে।

সারিয়াকান্দির কর্নিবাড়ি ইউনিয়নের ‘পূর্ব শোনপঁচা’ (ডাকাতমারা) চরের বাসিন্দা ও শোনপঁচা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক এমদাদুল হক বলেন, ওপারের চর বিষের পলট হয়ে মাদারগঞ্জে যাতায়াত করেন শোনপঁচার চরের মানুষ। চরের মানুষের চলাচলে গত অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ৫৪ লাখ টাকা ব্যয়ে খালের ওপর সেতুটি নির্মাণ করা হয়। সাত দিন আগে যমুনার ঢলে নিমেষেই সেতুটি ধসে গেল। সেই সঙ্গে স্বপ্ন ভেঙে খান খান হলো ‘শোনপঁচা’ ও ‘বিষের পলট’ চরবাসীর।

খাল ধরে এগিয়ে দেখা গেল, চারদিকে থইথই পানির মধ্যে ভাসছে লোকালয়। টিনের বেড়ার ঘর অর্ধেক ডুবে আছে। দু-একটি ডিঙি নৌকা এ লোকালয় থেকে ও লোকালয়ে চলাচল করছে।

পূর্ব শোনপঁচা চরের কৃষক কুদ্দুস শেখ বলেন, ‘এই যে যমুনার ঢল দেকিচ্চেন, এডা দিগন্তজোড়া ফসলের মাঠ। এই মাঠত আমন ফসল, বীজতলা, শসা, বেগুন, শাকসবজি, মরিচ, পাটসহ নানা ফসল ছিল। বানের ঢলত সব শ্যাষ। এমন বান ৫০ বছরেও চরের মানুষ দেকেনি।’

উত্তর শোনপঁচার চরের হাবিল শেখের সংসার চলে খামারে দুধ বিক্রি করে। ছয়টা গাভির দিনে ৩০-৩৫ লিটার দুধ হয়। বন্যার আগে মাদারগঞ্জ থেকে ঘোষ-ব্যাপারীরা এসে দুধ কিনে নিয়ে যেতেন। এখন ক্রেতা নেই। নৌকায় মাদারগঞ্জ গিয়ে দুধ বিক্রি করে আসতে হয়।

পূর্ব শোনপঁচা চরের খামারি ওসমান মোল্লা বলেন, ‘সাতটা গরু লিয়ে বাঁধত উঠিচি ১০ দিন আগে। গরু-বাছুরকে কী খাওয়ায় এখন?’ উত্তর শোনপঁচা চরের বিপ্লব মণ্ডল বলেন, ‘শাকসবজি চাষাবাদ করে সংসার চলত। এক বিঘা জমিতে এবার বেগুন ও আরেক বিঘায় শাকসবজি ছিল। সব বানের ঢলের নিচে।’ কর্নিবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সাইদুর রহমান বলেন, ১৫-২০ বিঘা জমিতে আমন, পাট, কাঁচা মরিচ, বীজতলা ছিল। সবই এখন পানির নিচে।

কর্নিবাড়ি ইউনিয়নের নান্দিনার চরেও থইথই পানি। বাড়িঘর ছেড়ে অনেকেই উঠেছেন উঁচু সড়কে, বাঁধে। শোনপঁচা হঠাৎপাড়ার দিনমজুর কুদ্দুস ব্যাপারী বলেন, ত্রাণ বলতে মিলেছে এখন পর্যন্ত এক প্যাকেট শুকনো খাবার।

শোনপঁচার চরে এক যুগ আগে একদল নারী খাদ্যের বিনিময়ে একটি বাঁধ নির্মাণ করেছিলেন। এটি মহিলা বাঁধ নামে পরিচিত। সেই বাঁধে শোনপঁচার চর ছাড়াও মাদারগঞ্জ ও সিরাজগঞ্জের কাজীপুরের লোকজন আশ্রয় নিয়েছে। গোটা বাঁধই যেন একটা আশ্রয়শিবির। পলিথিন ও চটের ছোট ছোট ঝুপড়িঘর। পাশে গরু, ছাগল, ঘোড়া বাঁশের খুঁটিতে বাঁধা।

সারিয়াকান্দি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সারওয়ার আলম বলেন, উপজেলার প্রায় ৮০ হাজার মানুষ পানিবন্দী রয়েছে।