সেতু নয় যেন মরণফাঁদ
পাটাতন নড়বড়ে হয়ে গেছে। কোনো কোনোটি স্থানচ্যুত হয়ে আছে। কোনোটিতে সৃষ্টি হয়েছে বড় বড় ফুটোর। এর ওপর দিয়ে চলাচল করতে গিয়ে স্থানীয় লোকজন প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন। এ দুরবস্থা নীলফামারীর ডিমলা উপজেলার নাউতরা বেইলি সেতুর।
জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দেওয়ার পরও এখানে একটি নতুন সেতু হচ্ছে না। এতে উপজেলার কয়েক হাজার মানুষের দুর্ভোগও কমছে না। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তারা জানিয়েছেন, সেতুটি আর সংস্কার করা যাবে না। সেখানে নতুন করে সেতু নির্মাণের প্রক্রিয়া চলছে। কিন্তু আজও নতুন সেতু নির্মাণ করা হয়নি।
সরেজমিনে দেখা যায়, সেতুর সামনের রাস্তার মাঝামাঝি দুই দিকে পাকা খুঁটি নির্মাণ করা হয়েছে। পাশে টাঙানো নোটিশে লেখা হয়েছে: ঝুঁকিপূর্ণ সেতু, ভারী যানবাহন চলাচল নিষেধ। সেতুর পাটাতন সরে গিয়ে ফাঁকা হয়ে আছে। নিষিদ্ধ এবং ঝুঁকি থাকা সত্ত্বেও এর ওপর দিয়ে বাইসাইকেল, মোটরসাইকেল ও ইজিবাইক চলাচল করছে।
নাউতরা বাজারের ব্যবসায়ী আমিনুল ইসলাম বলেন, ১৯৮০ সালে সেতুটি নির্মাণ করা হয়। সংস্কারের অভাবে পাঁচ-ছয় বছর ধরে এটি যান চলাচলের অনুপযোগী। নাউতরা থেকে ডিমলা উপজেলা শহরের দূরত্ব আট কিলোমিটার। সেখানে সরকারি খাদ্যগুদামে ধান বিক্রি করতে গেলে অতিরিক্ত ২০ কিলোমিটার ঘুরে যেতে হয়। এ কারণে প্রতি বস্তায় পরিবহন খরচ ছয়-সাত টাকা বেড়ে যায়। সেতুটি ভালো থাকলে অতিরিক্ত টাকা ও সময় ব্যয় হতো না। তিনি আরও বলেন, সরকার পরিবর্তন হয়। সাংসদেরা এসে প্রতিশ্রুতি দেন। কিন্তু সেতু হয় না।
হাজিপাড়া গ্রামের আসাদুজ্জামান বলেন, এলাকায় কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসের লোকজন আসার আগেই সব শেষ হয়ে যায়। জরুরি রোগী পরিবহনেও সমস্যার অন্ত থাকে না। এ ছাড়া রাতের বেলা হেঁটে ওই সেতু পার হওয়াও বিপজ্জনক।
ব্যবসায়ী জসিম উদ্দিন বলেন, এই সেতু দিয়ে এখন হেঁটে যাওয়াও বিপজ্জনক। প্রায় এক মাস আগে নাউতরা বালিকা বিদ্যালয়ের এক ছাত্রী হেঁটে সেতু পার হওয়ার সময় পড়ে গিয়েছিল। তার পায়ে ২২টি সেলাই দিতে হয়েছে। ছয় মাস আগে বিকাশ শীল নামের এক যুবক সেখানে পড়ে গিয়ে পঙ্গু হয়ে গেছেন।
স্থানীয় মকছেদ আলী ও দুলাল চন্দ্র রায় বলেন, সেতুটির কারণে এই অঞ্চলের উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকেরা। নাউতরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, ‘এলজিইডি ও উপজেলা প্রশাসনের সঙ্গে সেতুটির ব্যাপারে যোগাযোগ করেছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না।’
এলজিইডি সূত্রে জানা গেছে, সড়ক ও জনপথ বিভাগ ২০০৩ সালে ওই সেতুটি এলজিইডির কাছে হস্তান্তর করে। এলজিইডি সেখানে নতুন করে সেতু করার প্রস্তাব দেয় এবং সাময়িক কিছু মেরামতকাজও করে।
ডিমলা উপজেলা প্রকৌশলী শ্যামাপদ ঘোষ বলেন, ২০১৩ সালে সেতুটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। সেখানে ৭৫ মিটার দীর্ঘ পাকা সেতু নির্মাণের জন্য বর্তমান সাংসদ আফতাব উদ্দিন সরকারের বেসরকারি পত্রের (ডিও লেটার) ভিত্তিতে জরিপ ও মাটি পরীক্ষা হয়ে গেছে। এখন নকশার কাজ চলছে।
স্থানীয় সাংসদ আফতাব উদ্দিন সরকার বলেন, ‘ডিজাইনের কাজ শেষ হয়েছে। এস্টিমেটের (প্রাক্কলন) কাজ শেষ হলে ফান্ডের (তহবিল) জন্য চেষ্টা করব। আশা করছি, এ বছর কাজ শুরু করাতে পারব।’