সেতু না থাকায় ছয় হাজার মানুষের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী নদীর আশুগঞ্জ বাজার এলাকায় সেতু না থাকায় দুর্ভোগ পোহাচ্ছে নয় গ্রামের ছয় হাজার মানুষ। এলাকাবাসী ওই স্থানে প্রতিবছর বাঁশের সাঁকো তৈরি করেন। এখন ওই সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে তাঁরা নদী পারাপার হচ্ছেন। এতে বেশি সমস্যা হচ্ছে স্থানীয় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার রামপাশা ও খাজাঞ্চী ইউনিয়নের সংযোগস্থল আশুগঞ্জ বাজার। খাজাঞ্চী ইউনিয়নের নয়টি গ্রামের লোকজনের জেলা ও উপজেলা শহর এবং আশুগঞ্জ বাজারে আসার জন্য নদী পারাপার হতে হয়। নিজেদের প্রয়োজনে তাঁরা নদীর ওপর প্রতিবছর সাঁকো নির্মাণ করেন।
এলাকাবাসী সূত্রে আরও জানা গেছে, এখানে সেতু না থাকায় খাজাঞ্চী ইউনিয়নের বিলপার, বাবুনগর, মাওনপুর, তেঘরী, কান্দিগাঁও, জয়নগর, নোয়াপাড়া, ভাটপাড়া, তেলিকোনা (একাংশ) গ্রামের রোগীদের উপজেলা শহরে নিতে ভীষণ সমস্যা হচ্ছে। প্রতি শনি ও মঙ্গলবার আশুগঞ্জ বাজারে হাট থাকে। তখন এক দিনে প্রায় দুই হাজার মানুষ সাঁকো দিয়ে চলাচল করে। এ ছাড়া ওই এলাকার দুই শতাধিক শিক্ষার্থীকে বাধ্যতামূলক সাঁকো ব্যবহার করে আসতে হয় আশুগঞ্জ আদর্শ উচ্চবিদ্যালয়, দোহাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হলিচাইল্ড কিন্ডারগার্টেনে।
দোহাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী গোবিন্দ মালাকার, ছাবিয়া বেগম, সীমান্তা সীমা জানায়, প্রতিদিন তাদের অন্যের সাহায্য নিয়ে সাঁকো পারাপার হতে হয়। এ ক্ষেত্রে অনেকের (সহপাঠী) হাত থেকে বই-খাতা ছিটকে পানিতে পড়ে নষ্ট হয়ে যায়। অনেকে (শিক্ষার্থী) আবার সাঁকো থেকে পড়ে গিয়ে দুর্ঘটনার শিকারও হয়।
সবজি ব্যবসায়ী সমুজ আলী বলেন, ‘বিলপারসহ ওই গ্রামগুলোতে প্রচুর সবজি উৎপাদন করা হয়। তা বিক্রি করতে হলে ওই বাঁশের সাঁকো দিয়ে নদী পারাপার করতে হয়। এতে আমাদের দুর্ভোগ বেড়ে যায়। এখানে সেতু হলে আমাদের কষ্ট কমে যাবে।’
কৃষক আবদুল হক বলেন, গবাদিপশু অসুস্থ হলে চিকিৎসা করাতে উপজেলা শহরে নিয়ে যেতে তাঁদের দুর্ভোগ পোহাতে হয়। চাষাবাদের সময় বীজ-সার ও হালি (ধানের চারা) বহনের ক্ষেত্রেও তাঁদের দুর্ভোগের শেষ নেই।
স্থানীয় লোকজনের অভিযোগ, আশুগঞ্জ বাজারের ওই সাঁকোর স্থলে একটি সেতু নির্মিত হলে এলাকাবাসীর দুর্ভোগ অনেক কমে যাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিরা এখানে সেতু নির্মাণের কোনো উদ্যোগ নিচ্ছেন না।
এ অভিযোগ অস্বীকার করে রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার খান বলেন, খাজাঞ্চী নদীর ওপর একটি সেতু নির্মাণের জন্য উপজেলা প্রকৌশলীর সঙ্গে তিনি বেশ কয়েকবার যোগাযোগ করেছেন। প্রকৌশলী তাঁকে এখানে শিগগিরই একটি সেতু নির্মাণ করার আশ্বাস দিয়েছেন।
উপজেলা প্রকৌশলী খোন্দকার গোলাম শওকত বলেন, ‘সেতু নির্মাণের প্রস্তাবটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাবটি মন্ত্রণালয় অনুমোদন করলে আমাদের জানানো হবে। এরপর সেতু নির্মাণের কার্যক্রম পর্যায়ক্রমে শুরু হবে।’