সেতু না থাকায় ঝুঁকি নিয়ে নদী পারাপার
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পানবাড়ির সানিয়ারজান নদীর ওপর সেতু না থাকায় দুর্ভোগ পোহাচ্ছে ১০ হাজার মানুষ। তারা শুকনো মৌসুমে বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে নদী পারাপার হয়। বর্ষাকালে ডুবে থাকায় ওই সাঁকো দিয়ে চলাচল করা যায় না। তখন ১৫ কিলোমিটার পথ ঘুরে উপজেলা সদরে যেতে হয়।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সানিয়ারজান নদীর এক পারে কুচলিবাড়ি ইউনিয়নের পানবাড়ি, লক্ষনাথের কামাত, গুয়াবাড়ি, গোলডাঙ্গা, জুম্মারপার, মিঠুরকামাত গ্রাম। অন্য পারে জোড়াপুল গ্রামসহ উপজেলা সদরে যাওয়ার পাকা সড়ক। উপজেলা সদরে যেতে প্রতিদিন কুচলিবাড়ি ইউনিয়নের ওই ছয় গ্রামের বাসিন্দাদের সাঁকো পেরিয়ে ওপারে যেতে হয়। আর এপারে আছে একটি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা। জোড়াপুলের শিক্ষার্থীরা সাঁকো পেরিয়ে এপারে আসে ওই দুই শিক্ষাপ্রতিষ্ঠানে। কুচলিবাড়ি ইউনিয়নের ছয় গ্রামে প্রায় ১০ হাজার মানুষ বাস করে।
সরেজমিনে গত সোমবার দেখা যায়, নদীর ওপরে একটি নড়বড়ে সাঁকো। এলাকাবাসী ওই সাঁকো দিয়েই চলাচল করছে। পানিতে পচে সাঁকোর বাঁশের খুঁটিগুলোর অবস্থা নাজুক। গত বছর কুচলিবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের সহযোগিতায় এলাকাবাসী কংক্রিটের খুঁটি বসিয়ে ওপরে বাঁশের পাটাতন দিয়ে মজবুত সাঁকো নির্মাণের চেষ্টা করেন। কিন্তু বর্ষা চলে আসায় নদীর তীব্র স্রোতে পিলারগুলো ধসে পড়ে। এখনো পিলারগুলো সেভাবেই পড়ে রয়েছে।
লক্ষনাথের কামাত গ্রামের কৃষক আবদুল কুদ্দুস ও গোলডাঙ্গা গ্রামের সায়েদ সাধু জানান, সাঁকো পার হলে ওপাশ থেকে উপজেলা সদরের দূরত্ব আট কিলোমিটার। কিন্তু কৃষিপণ্য নিয়ে নড়বড়ে এ সাঁকো দিয়ে ওপারে যাওয়া যায় না। সাঁকো দিয়ে না গেলে বিকল্প পাঁচ কিলোমিটার দীর্ঘ একটি কাঁচা রাস্তা আছে। সেটি দিয়ে আরও ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে উপজেলা শহরের রসুলগঞ্জ হাটে যেতে হয়। এতে তাঁদের পণ্য বহনের খরচ বেড়ে যায়।
লক্ষনাথের কামাত গ্রামের ভ্যানচালক আবু মিয়া বলেন, ‘পুলখান না হওয়ায় হামারলা অবস্থা খুব খারাপ হয়। বাইষায় (বর্ষা) পুল দিয়া যাওয়া যায় না। আবার মাটিয়া (কাঁচা) রাস্তাখান হয় দই খাদো (কাদা)। এতে ভ্যানোত মাল টানা যায় না। পুলখান হইলে হামারলা বাঁচি যাই।’
এপারের জোড়াপুল গ্রামের সফিয়ার রহমান জানান, বর্ষাকালে সাঁকোটা পানিতে ডুবে থাকে। তাঁদের গ্রামের বাচ্চারা ভয়ে ওই সাঁকো পেরিয়ে ওপারের প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসায় যেতে চায় না। তখন ওদের ক্লাসে যাওয়াই বন্ধ থাকে।
কুচলিবাড়ি ইউপি চেয়ারম্যান হামিদুল ইসলাম বলেন, ‘আমি ইতিমধ্যেই স্থানীয় সাংসদ ও সাবেক প্রতিমন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেনের সঙ্গে সেতুটি করার বিষয়ে কথা বলেছি। তিনি এখানে একটি সেতু নির্মাণের চেষ্টা করছেন বলে আমাকে জানিয়েছেন।’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পাটগ্রাম কার্যালয়ের উপজেলা প্রকৌশলী হায়দার আলী বলেন, সেতুটি নির্মাণে একটি প্রকল্প প্রস্তাব এলজিইডির প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই নির্মাণকাজ শুরু হবে।