সেতু না থাকায় দুর্ভোগ
দিনাজপুরের মহিলা নদীর দেউলি ঘাটে সেতু না থাকায় প্রতিদিন প্রায় ১২ হাজার মানুষ পারাপারে দুর্ভোগ পোহাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধিরা ভোটের আগে সেতু করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও কথা রাখেন না। স্বাধীনতার ৪৩ বছর পরও এখানে কোনো সেতু হয়নি।
ঘোড়াঘাট উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্রে জানা গেছে, সিংড়া ইউনিয়নের খায়রু ও ঘোড়াঘাট ইউনিয়নের চককাঁঠাল গ্রামের মধ্যে অবস্থিত দেউলি ঘাট। মহিলা নদী করতোয়া নদীর একটি শাখা। গত শনিবার সরেজমিনে দেখা যায়, শুকনো মৌসুম হওয়ায় এখন পানি কম। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত্বাবধানে এখন নদীতে পুনঃখননের (ড্রেজিং) কাজ চলছে। স্থানীয়রা সে মাটি ফেলে তিন হাত চওড়া সরু রাস্তা তৈরি করে নদী পার হচ্ছে।
স্থানীয় অনেকে বলেন, সিংড়া ইউনিয়নের ঋষিঘাট, খায়রু, চাঁদপাড়া, বৈদর, শেখালিপাড়া, মগলিশপুরসহ দশ গ্রামের মানুষ প্রতিদিন এ নদী পার হয়ে উপজেলা সদরে যায়। ঘোড়াঘাট ইউনিয়নের বাসিন্দাদেরও সিংড়া ইউনিয়নে যাতায়াত করতে হয়। এ ছাড়া গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কাশিয়াবাড়ি, সুলতানপুর ও মির্জাপুর গ্রামের শিক্ষার্থীরা দেউলি ঘাট দিয়ে যাতায়াত করে। সেতু না থাকায় প্রতিদিন ভোগান্তি পোহাতে হচ্ছে সবাইকে।
ঘোড়াঘাট ইউনিয়নের বলগাড়ি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক অলিউর রহমান জানান, ওই ঘাটে সেতু না থাকায় বর্ষাকালে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে আসতে পারে না। শুধু সেতু না থাকায় সিংড়া ইউনিয়নের অনেকে ইচ্ছে থাকা সত্ত্বেও উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হয়েছে।
সিংড়া ইউনিয়নের মিশন মোড় গ্রামের কাঠমিস্ত্রি নিতাইচন্দ্র মহন্ত বলেন, বর্ষা মৌসুমে পানিতে দুপাড় ছাপিয়ে যায়। তখন নদীতে ঠিকমতো নৌকা থাকে না। এতে খাটে খাওয়া মানুষগুলোর কাজ বন্ধ হয়ে যায়।
ঘোড়াঘাট উপজেলা প্রকৌশলী টি আই এম শামছুজ্জোহা জানান, এ ঘাটে সেতু নির্মাণের জন্য উপজেলা প্রকৌশল কার্যালয় থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কখনো কোনো প্রতিবেদন পাঠানো হয়নি।
সিংড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মজিবর রহমান অভিযোগ করে জানান, বর্তমানে পাউবোর মাধ্যমে মহিলা নদীর বিভিন্ন স্থানে জলকপাট (স্লাইস গেট) করা হচ্ছে। তিনি দেউলি ঘাটে একটি জলকপাট নির্মাণ করার দাবি করেছিলেন। যেটা সেতুহিসেবে ব্যবহার করা যেত। কিন্তু তা করা হয়নি।
দিনাজপুর-৬ (হাকিমপুর-ঘোড়াঘাট-বিরামপুর-নবাবগঞ্জ) আসনের সাংসদ শিল্পী সাদিক বলেন, অচিরেই সেতু নির্মাণের জন্য তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করবেন।