সেতু না থাকায় দুর্ভোগে ১৫ হাজার মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলা সদরের ফুলগাজী সেতু তিন বছর আগে ভেঙে গেছে। এতে দুর্ভোগে পড়েছে মানুষ। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
ভোলা সদরের ফুলগাজী সেতু তিন বছর আগে ভেঙে গেছে। এতে দুর্ভোগে পড়েছে মানুষ। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ফুলগাজী সেতুটি তিন বছর আগে ভেঙে যায়। প্রায় ১৫ হাজার মানুষ ঝুঁকি নিয়ে ডিঙিনৌকায় করে চলাচল করছে। কিন্তু এখনো সেতুটি পুনর্নির্মাণের জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তারা বলেন, ২০০১ সালে এলজিইডি স্বল্প ব্যয়ে গ্রামীণ সড়কে পুল নির্মাণ প্রকল্পের আওতায় চরগাজী-ভোলা সড়কে ফুলগাজী খালের ওপর ফুলগাজী সেতুটি নির্মাণ করে। লোহার পাতের ওপর ৯২ মিটারের এই সেতু নির্মাণে ব্যয় হয়েছিল ৩২ লাখ ২০ হাজার টাকা।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, চরগাজী ও চরহোসেনের মানুষ নৌকায় করে পার হচ্ছে। খালের দুই পাড়ে পাকা সংযোগ রাস্তা ভাঙা। খালের ওপরে সেতুর মূল অংশটা নেই।
ভেলুমিয়া ইউনিয়নের ৫০ জন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, ভেলুমিয়া ইউনিয়ন দুই অংশে বিভক্ত। পশ্চিম অংশে চরগাজী ও চরহোসেন মৌজা, পূর্ব অংশে চরচন্দ্রপ্রসাদ। পশ্চিমে বসতি কম হলেও কয়েক হাজার একর জমিতে প্রতিবছর ধান, তরমুজ, বাদাম, ডাল, সবজিসহ কয়েক কোটি টাকার ফসল উৎপন্ন হয়। বেশির ভাগ স্কুল-কলেজ ও ব্যবসাপ্রতিষ্ঠান পূর্ব পাশে। এ ছাড়া এই পাশ থেকেই ভোলা সদরে যাতায়াত করতে হয়।
চরগাজী ও চরহোসেনের কয়েকজন বাসিন্দা বলেন, ২০০৭ সালে ঘূর্ণিঝড়ে সিডরে সেতুটি হেলে পড়ে। তারপরও তাঁরা ঝুঁকি নিয়ে চলাচল করতেন। ২০১৪ সালের ২৬ আগস্ট রাতে সেতুর মাঝের অংশের ৮০ মিটার খালের মধ্যে ভেঙে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ইউনিয়নের দুই অংশ।
ভেলুমিয়া চন্দ্রপ্রসাদ কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নার্গিস, সোহেল, আকবর হোসেন, রাবেয়া বেগমসহ কয়েকজন বলে, বিনা টাকায় শিক্ষার্থীদের পারাপারের কথা থাকলেও তা সব সময় করা হচ্ছে না। টাকা ছাড়া পার হতে গেলে ঘণ্টা খানেক অপেক্ষা করতে হয়। তারা আরও বলে, ছোট একটি ডিঙি দিয়ে দুই পাড়ের মানুষ পার হয়। কিন্তু বিকেলের পর তা বন্ধ হয়ে যায়। কোনো জরুরি প্রয়োজন হলেও পরদিন সকাল পর্যন্ত অপেক্ষা করতে হয়। কারণ, বিকল্প কোনো পথ নেই।
চরগাজীর কয়েকজন কৃষক বলেন, সেতু হলে তাঁরা সরাসরি সড়ক দিয়েই পণ্য নিয়ে ভোলা সদরে যেতে পারতেন। এখন তাঁদের অনেকটা পথ ঘুরে নদীপথে যেতে হয়। এতে পাঁচ-ছয় ঘণ্টা লেগে যায়। তাই অনেকে ভোলার বদলে বরিশালে চলে যায়।
ভেলুমিয়া আইডিয়াল কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, চন্দ্রপ্রসাদ কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম ও চন্দ্রপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম গোলদার বলেন, সেতু ভেঙে পড়ায় পূর্ব পাশের ছাত্রছাত্রীরা যাতায়াতে অনেক ভোগান্তি পোহায়। আর বর্ষায় চরগাজীর শিক্ষার্থীদের উপস্থিতি কমে যায়।
ভেলুমিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম মাল বলেন, ফুলগাজী সেতু ভাঙার পর নৌকার ব্যবস্থা করা হয়েছে। তারপরও ১৫ হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। সেতুটি শিগগিরই নির্মাণ হওয়া প্রয়োজন। বিষয়টি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকেও জানানো হয়েছে।
এলজিইডি ভোলার জ্যেষ্ঠ প্রকৌশলী আবদুস সালাম জানান, ফুলগাজী সেতু নতুন করে নির্মাণের জন্য জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ এজেন্সির (জাইকা) কর্মকর্তারা জায়গাটি পরিদর্শন করে গেছেন। জাইকার অর্থায়নে সেতুটি নির্মাণ করা হবে। তবে কবে নাগাদ নির্মাণ করা হবে, তা বলা যাচ্ছে না।