সেতু না থাকায় দুর্ভোগে ১০ গ্রামের বাসিন্দা
ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী ও নয়নশ্রী ইউনিয়নের আলালপুর, খানেপুরসহ ১০টি গ্রামের বাসিন্দারা সেতুর অভাবে যাতায়াতে দুর্ভোগের শিকার হচ্ছে। এ অঞ্চলের মানুষের জন্য ইছামতী নদীতে গত ৪২ বছরেও একটি সেতু নির্মাণ করা হয়নি। বাঁশের সাঁকোতে ঝুঁকি নিয়ে পার হতে হচ্ছে খানেপুর সরকারি প্রাথমিক ও উচ্চবিদ্যালয়ের ছাত্রছাত্রীকে।সরেজমিনে দেখা যায়, সেতু না থাকায় ওই এলাকার ইছামতী নদীর দুই পাশের ১০টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ যাতায়াতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। হাটবাজার ও প্রয়োজনীয় কাজে প্রতিনিয়তই তাঁদের নদী পার হতে হয়। সারা বছরের বিড়ম্বনা কমাতে খানেপুর বাজারে সেতু নির্মাণের দাবি তাঁদের অনেক দিনের। বর্তমানে ওই স্থানে বাঁশের তৈরি সাঁকোতে যাতায়াত করায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে।খানেপুর উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী লাকি আক্তার জানায়, একটু বৃষ্টি হলেই সেতু পার হওয়া যায় না। প্রায়ই পারাপারের সময় সাঁকো ভেঙে নিচে পড়ে আহত হওয়ার ঘটনা ঘটছে।খানেপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমজাদ হোসেন জানান, ছাত্রছাত্রীদের চলাচলের জন্য সাঁকো মেরামতের টাকা স্কুল থেকে বহন করা হচ্ছে। নয়নশ্রী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পলাশ চৌধুরী জানান, উপজেলা প্রশাসনকে এ বিষয়ে জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে অবিলম্বেই সেখানে সেতু নির্মাণের ব্যবস্থা করার আশ্বাস পাওয়া গেছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান জানান, বিষয়টি আমি জেনেছি। উপজেলা স্থানীয় সরকার ও প্রকৌশলীর সঙ্গে কথা বলে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।