সেতু না থাকায় ধুঁকছে আট গ্রামের মানুষ

জামালপুর সদর উপজেলার তিতপল্লা মধ্যপাড়া গ্রামে একটি খালের ওপর পাকা সেতু না থাকায় আটটি গ্রামের পাঁচ হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।
এই পরিস্থিতিতে স্থানীয় লোকজন এখানে একটি সেতু নির্মাণের দাবি জানিয়েছে। তিতপল্লা মধ্যপাড়া গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, পাকা সেতু না থাকলেও ওই খালের ওপর একটি ৩০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো আছে। এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে এটি নির্মাণ করেছেন। এর ওপর দিয়ে তিতপল্লা মধ্যপাড়া, উত্তরপাড়া, চকপাড়া, খাকুরিপাড়া, নয়াপাড়া, মাগুড়িপাড়া, পূর্বপাড়া ও ফকিরপাড়া গ্রামের লোকজন ঝুঁকি নিয়ে চলাচল করে। ওই সাঁকোর ওপর দিয়ে এই গ্রামগুলোর পাঁচ শতাধিক শিক্ষার্থী কামালখানহাট কামিল মাদ্রাসা, কামালখানহাট উচ্চবিদ্যালয়, আবদুল মজিদ তালুকদার কলেজ ও চরশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়।
কামালখানহাট উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী সাথী আক্তার বলে, শুকনো মৌসুমে চলাচল করতে পারলেও বর্ষার সময় পানির স্রোতে সাঁকোটি দুলতে থাকে। এতে এর ওপর দিয়ে চলাচল করতে ভয় লাগে। এখানে পাকা সেতু না থাকায় স্থানীয় সড়ক দিয়ে কোনো যানবাহন চলাচল করে না। ফলে প্রায় এক কিলোমিটার হেঁটে বিদ্যালয়ে যাতায়াত করতে হচ্ছে।
ফকিরপাড়া গ্রামের মোহাম্মদ ছলিম প্রথম আলোকে বলেন, ওই সাঁকো পার হয়ে আটটি গ্রামের মানুষকে সদর উপজেলা ও কামালখান বাজারে যাতায়াত করতে হয়। সেতু না থাকায় উপজেলা শহর থেকে ভারী কোনো যানবাহন এসব গ্রামে আসতে পারে না। যানবাহনগুলো প্রায় তিন কিলোমিটার ঘুরে তিতপল্লা-ভাটারা সড়ক দিয়ে উপজেলা সদর ও হাটবাজারে যায়।
তিতপল্লা মধ্যপাড়া গ্রামের সোহরাব আলী বলেন, ওই খালের ওপর একটি পাকা সেতু না থাকায় আটটি গ্রামের কৃষকেরা তাঁদের উৎপাদিত কৃষিপণ্য মাথায় নিয়ে সাঁকো পার হন।
জামালপুর সদর উপজেলার প্রকৌশলী এস এম শহিদুল ইসলাম বলেন, ‘ওই স্থানে একটি সেতুর জন্য স্থানীয়ভাবে এখনো কেউ আমাদের জানায়নি। তবে সাঁকোটি পরিদর্শন করে বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।’