সেতু না থাকায় বিচ্ছিন্ন ১০ গ্রাম

জামালপুর সদর উপজেলার তুলসীরচর-নরুন্দি এলাকায় ব্রহ্মপুত্র নদের ওপর সেতু না থাকায় তুলসীরচর ইউনিয়নটি উপজেলা শহর থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছে। এ কারণে ইউনিয়নটির ১০টি গ্রামের বাসিন্দারা দুর্ভোগ পোহাচ্ছে। নৌকায় করে এসব বাসিন্দাদের বিভিন্ন গন্তব্যে যেতে হয়।
জামালপুরের স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী আনিসুল ওহাব খান বলেন, ওই এলাকায় ৬০০ মিটারের একটি সেতু নির্মাণের প্রস্তাব কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সেতুটি নির্মাণের সম্ভাব্যতা যাচাই-বাছাইয়ের কাজও হচ্ছে। অনুমোদন পাওয়া গেলে সেতু নির্মাণ শুরু হবে।
স্থানীয় সূত্র জানায়, তুলসীরচর ইউনিয়নটি ব্রহ্মপুত্র নদের দক্ষিণ পাশে পড়েছে। এ ইউনিয়নের ১০টি গ্রাম হলো কাজিয়ারচর, তুলসীরচর, লক্ষ্মীরচর, বালুরচর, ছাতিয়ানতলা, গারামারা, বাকচর, টিকরাকান্দি, ডৌহাতলা ও নামা কোচনধরা। লোকসংখ্যা প্রায় ২৫ হাজার। নদের উত্তর পাশে সদর উপজেলার নরুন্দি বাজার। ওই ১০টি গ্রামের বাসিন্দাদের তুলসীরচরের ডৌহাতলা গ্রামের ঘাট থেকে নৌকায় ব্রহ্মপুত্র পার হয়ে নরুন্দি বাজারঘাটে এসে জেলা শহর ও ঢাকাসহ বিভিন্ন স্থানে যেতে হয়। তুলসীরচর ইউনিয়নে দুটি প্রাথমিক বিদ্যালয় ছাড়া কোনো স্কুল বা কলেজ নেই। এসব গ্রামের প্রায় ৫ হাজার শিক্ষার্থীকে নদ পার হয়ে বিভিন্ন স্কুল-কলেজে যেতে হয়। তারা বর্ষার সময় আতঙ্ক নিয়ে নদ পার হয়ে এবং শুকনো মৌসুমে প্রায় এক কিলোমিটার পথ হাঁটার পর নৌকায় পার হয়ে নরুন্দি এলাকার স্কুল-কলেজ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়তে আসে। নরুন্দি স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী তাসলিমা আকতার বলে, কলেজে যেতে প্রায় এক কিলোমিটার হেঁটে ডৌহাতলা নৌকাঘাটে এসে নদ পার হতে হয়। প্রতিদিন ঘাট পার হতে ১০ টাকা লাগে। এতে সময় নষ্ট হওয়ার পাশাপাশি দুর্ভোগে পড়তে হয়।
ডৌহাতলা গ্রামের বাদল মিয়া বলেন, সদর উপজেলার তুলসীরচর ইউনিয়নের প্রায় ২০-২৫ হাজার লোক নদ পার হয়ে জেলা সদরসহ বিভিন্ন স্থানে যাচ্ছে। তুলসীরচর জেলায় সবজি চাষের ভান্ডার হিসেবে পরিচিত। সেতু নির্মিত হলে চরাঞ্চলের কৃষকেরা তাঁদের উৎপাদিত কৃষিপণ্য দ্রুত বাজারজাত করতে পারবেন। সেতু না হলে কৃষক ন্যায্যমূল্য থেকে বঞ্চিত থাকবেন। যোগাযোগব্যবস্থা ভালো না থাকায় ওই অঞ্চলের মানুষ পিছিয়ে রয়েছে।
তুলসীরচর গ্রামের রেজাউল করিম বলেন, ইউনিয়নের মানুষ প্রায় ২০ বছর ধরে ব্রহ্মপুত্রের ওপর সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছে। এ জন্য আন্দোলনও হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের সময় প্রার্থীরা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেন। নির্বাচন শেষ হয়ে গেলেই তাঁদের আর মনে থাকে না। ভারী মালপত্র নিয়ে যাতায়াতের জন্য প্রায় ১৫ কিলোমিটার ঘুরে বারুয়ামারি সড়ক দিয়ে যাতায়াত করতে হয়। সেতু নির্মিত হলে সময় ও রাস্তা কমে যাবে।
তুলসীরচর ইউপির চেয়ারম্যান মমিনুল হক বলেন, ‘সেতুর জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সাংসদের কাছে গিয়েছি। কিন্তু এখনো সেতুটি নির্মাণ হলো না।’
স্থানীয় সাংসদ রেজাউল করিম বলেন, ‘দ্রুত সেতুটি নির্মাণের চেষ্টা করছি।’