সেতু না থাকায় ভেলাই ভরসা তিন গ্রামের মানুষের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলার মরা মহিষডাঙ্গা খালে সেতু না থাকায় তিন গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষকে ভেলায় চড়ে খাল পারাপার হতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এর মধ্যে বিদ্যালয়গামী অনেক শিশুও রয়েছে।
মহিষডাঙ্গা এলাকার কয়েকজন জানান, আমতলী সদর ইউনিয়নের নাচনাপাড়া, পশ্চিম মহিষডাঙ্গা ও মরিচবুনিয়া—এই তিন গ্রামের ওপর দিয়ে দুই কিলোমিটার দৈর্ঘ্যের মহিষডাঙ্গা খালটি উত্তর-দক্ষিণে প্রবাহিত। খালের একাংশে পলি পড়ে ভরাট হয়ে যাওয়ায় স্থানীয় লোকজন খালটির নতুন নাম দিয়েছেন মরা মহিষডাঙ্গা খাল। এর পশ্চিম পারে মরিচবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র। পূর্বপারে চিলা সিনিয়র মাদ্রাসা, মহিষডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আমতলী ও অন্যান্য স্থানে যাতায়াতের জন্য পাকা রাস্তা। এ জন্য পশ্চিম পারের লোকজনকে ভেলায় খাল পার হয়ে পাকা রাস্তায় উঠতে হয়। বিকল্প পথ হিসেবে দুই কিলোমিটার দক্ষিণে একটি বাঁধ থাকলেও বর্ষা মৌসুমে রাস্তা ভীষণ কর্দমাক্ত থাকায় এ রাস্তা দিয়ে পথচলা কষ্টকর। এ জন্য স্থানীয় মোতলেব মুন্সির বাড়ির সামনে দিয়ে ভেলায় করে প্রতিদিন মানুষ এ খাল পারাপার হচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাচ্ছে।
মহিষডাঙ্গা গ্রামের বাসিন্দা মো. রনি জানান, যুগ যুগ ধরে এই তিন গ্রামের অন্তত পাঁচ হাজার লোক সেতু না থাকায় ভেলায় খাল পার হয়ে বর্ষা মৌসুমে যাতায়াত করছে। দীর্ঘদিন ধরে এ খালে একটি সেতু নির্মাণের দাবি জানালেও কোনো ফল হয়নি।
মরিচবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি হারুন-অর-রশিদ ফকির বলেন, ‘প্রতিদিন অনেক খুদে শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে ভেলায় করে খাল পার হয়ে বিদ্যালয় আসা-যাওয়া করে।
এ ছাড়া পশ্চিম পারের তিন গ্রামের লোকজনকে উপজেলা সদরে যেতে হলে দুই কিলোমিটার দক্ষিণে গিয়ে বাঁধ পার হয়ে পূর্ব পারে গিয়ে পাকা রাস্তায় উঠতে হয়। কিন্তু বর্ষা মৌসুমে কাঁচা রাস্তা এতটাই কর্দমাক্ত থাকে যে তা দিয়ে হাঁটা দুষ্কর। তাই বাধ্য হয়ে এই ভেলায় খাল পার হয়ে যাতায়াত করতে হয় আমাদের।’
স্থানীয় ইউপি সদস্য মোতালেব মুন্সি বলেন, ‘মরা মহিষডাঙ্গা খালের ওপর সেতু নির্মাণের জন্য আমরা বারবার উপজেলা পরিষদে আবেদন করেছি কিন্তু কোনো ফল হয়নি। এটা খুবই জনগুরুত্বপূর্ণ একটি বিষয়। এখানে তিন গ্রামের মানুষ প্রতিদিন যে কী দুর্ভোগ পোহায়, তা চোখে না দেখলে বিশ্বাস করার মতো না।’
আমতলী সদর ইউনিয়নের চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা বলেন, ওখানে একটি সেতু খুব জরুরি। কিন্তু সেতু করার মতো কোনো বরাদ্দ ইউনিয়ন পরিষদের কাছে নেই।
আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম দেলওয়ার হোসেন বলেন, ‘আগামী অর্থবছরে এডিপির অবকাঠামো উন্নয়ন বাজেটে এ খালটির ওপর একটি সেতু নির্মাণ করার উদ্যোগ নেওয়া হবে।’