সেতু না থাকায় ভোগান্তি ১০ গ্রামের মানুষের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুরে ভুবনেশ্বর নদের ওপর সেতু না থাকায় দশটি গ্রামের অন্তত ১০ হাজার মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
কৃষ্ণপুর ইউনিয়নের বাঁধানো ঘাটের পাশেই ভুবনেশ্বর নদ। নদের অপর পারে ভাষাণচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আটটি গ্রাম। এই গ্রামগুলোতে প্রচুর পরিমাণ সবজি উৎপাদিত হয়। এ ছাড়া কৃষ্ণপুরের আরও দুটি গ্রামসহ ১০টি গ্রামের ১০ সহস্রাধিক মানুষকে সেতুর অভাবে পণ্য পরিবহন ও চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। এলাকাবাসী দীর্ঘদিন থেকেই প্রতিবছর বাঁধানো ঘাট বরাবর নিজেদের উদ্যোগে প্রায় ৩০০ ফুট দীর্ঘ বাঁশের একটি সাঁকো তৈরি করে চলাচল ও পণ্য পরিবহন করছেন।
সবজি বিক্রির একটি বড় বাজার বাঁধানো ঘাট এলাকা। প্রতিদিন সকালে এই বাজার থেকে ফরিদপুর শহরসহ দেশের বিভিন্ন স্থানে সবজি পাঠানো হয়।
কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল হোসেন ফকির বলেন, ‘আমরা বাঁধানো ঘাট এলাকায় একটি সেতু ও সেতুর পাশাপাশি কারির হাট পর্যন্ত তিন কিলোমিটার সড়ক নির্মাণের জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলীর কাছে কয়েক দফা আবেদন করেছি। কিন্তু কোনো কাজ হয়নি।’
ভাষাণচর ইউপি চেয়ারম্যান মোল্লা মো. মইনউদ্দিন আহম্মেদ বলেন, ‘জনগুরুত্বপূর্ণ সেতু ও সড়ক নির্মাণের জন্য আমি আগামী উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় জোর দাবি জানাব।’
এলজিইডি ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী খন্দকার আবদুল্লাহ আদদাদ বলেন, আবেদন পেলে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।