সেতু না থাকায় সাঁকো দিয়ে ঝুঁকিপূর্ণ পারাপার
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জুগিটারী গ্রামের ধবলগুড়িতে ধরলা নদীর কালটুর কুড়া খালের ওপর সেতু না থাকায় ভোগান্তিতে পড়েছেন জোংড়া ইউনিয়নের সাতটি গ্রামের ছয় হাজার মানুষ। সেখানে বাঁশের তৈরি সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পার হন পথচারীরা। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটে।
উপজেলা প্রকৌশল কার্যালয় ও এলাকাবাসী সূত্র জানায়, বেসরকারি সংস্থা আরডিআরএস ১৯৮৫ সালে সীমান্তবর্তী জুগিটারী গ্রামে কালটুর কুড়া খালের ওপর সেতু নির্মাণ করে। ১৯৮৮ সালের বন্যায় সেতুটি সম্পূর্ণ ভেঙে যায়। এরপর সেখানে প্রতিবছর সাঁকো তৈরি করে পারাপার হন স্থানীয় লোকজন।
সরেজমিনে দেখা যায়, জোংড়া ইউনিয়নের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের বিজিবি ক্যাম্পের সামনে কালটুর কুড়া খালটি ভারতের সীমান্তঘেঁষা জোংড়া ইউনিয়নের সাতটি গ্রামকে দুই ভাগে ভাগ করেছে। গ্রামের লোকজনকে জেলা ও উপজেলা শহর এবং ধবলগুড়ি বাজারে আসার জন্য এই খাল পার হতে হয়। ধবলগুড়ি বিজিবি ক্যাম্পের সদস্যদের খাল পার হয়ে সীমান্তে টহলে এবং শিক্ষার্থীদের স্কুল-কলেজে যেতে হয়।
স্থানীয় লোকজন জানান, এখানে সেতু না থাকায় গ্রামের রোগীদের শহরে নিতে সমস্যা হচ্ছে। প্রতি রবি ও বৃহস্পতিবার উপজেলার রসুলগঞ্জ বাজারে হাট বসে। সেখানে মালামাল আনা-নেওয়া করতে সমস্যায় পড়ছেন এলাকাবাসী। ওই এলাকার ছয় শতাধিক শিক্ষার্থীকে ঝুঁকি নিয়ে এ সাঁকো পার হয়ে পাটগ্রাম সরকারি কলেজ ও বিদ্যালয়ে আসতে হয়।
কাজিপাড়া গ্রামের কৃষক রবিউল আলম ও ভ্যানচালক বাবুল মিয়া বলেন, ‘প্রায় ২৭ বছর আগোত পুল ভাঙি কত বড় খাল হইচ্ছে। এই খাল দিয়া হামাক আর কতকাল চলবার নাকবে। কতকালে হবে পুল? এই খালের নিচ দিয়া গ্রামের মানুষজনের সদরের হাটে যেতে হয়। সেতুটি হলে ফসল সরাসরি গাড়িত করে হাটবাজারে নিবার পারতাম।’
চতুর্বাড়ি সরকারি প্রাথমিক বিদালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, কয়েক দিন আগে ওই সাঁকো পার হতে গিয়ে তাঁর বিদ্যালয়ের এক শিক্ষক মোটরসাইকেলসহ পানিতে পড়ে যান। একদিন এক শিক্ষিকাও পানিতে পড়ে যান। শিক্ষার্থীরা পড়ে যায় প্রায় দিনই। বর্ষা এলে ঝামেলা আরও বাড়ে। স্কুলে শিক্ষার্থীর উপস্থিতি কমে যায়। কারণ সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে আসতে চায় না তারা।
কলেজছাত্র নূর আমীন জানান, গ্রামের অনেক ছেলেমেয়ে উপজেলা শহরের স্কুল-কলেজে লেখাপড়া করে। সেতুটি নির্মাণ না করায় অনেকে বর্ষার সময় স্কুল ও কলেজে যেতে চায় না। সাঁকো তৈরির পর প্রথম দিকে তা ভালোই থাকে। পরে সাঁকো নড়বড়ে হয়ে যায়।
জোংড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ্ মাহামুদুন্নবী বলেন, ‘সেতুটি হওয়া খুব জরুরি। স্থানীয় সাংসদ মোতাহার হোসেনের সঙ্গে সেতুটির ব্যাপারে কথা বলেছি। তিনি বলেছেন, এটি করার ব্যাপারে তাঁর চেষ্টা অব্যাহত রয়েছে।’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পাটগ্রামের উপসহকারী প্রকৌশলী আলি আকবর বলেন, সেতুটি নির্মাণের প্রস্তাব স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় অনুমোদন দিলেই সেতু নির্মাণের কাজ শুরু করা হবে।