সেতু না থাকায় ১১ গ্রামের মানুষের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর ও হাকিমপুর উপজেলার মধ্য দিয়ে বয়ে গেছে শাখা যমুনা নদী। এই নদীর বিরামপুরের কাটলা ইউনিয়নের চৌঘুরিয়া গ্রাম ও হাকিমপুরের খট্টামাধবপাড়া ইউনিয়নে নয়ানগর গ্রামের অংশে সেতু নেই। এ কারণে ওই দুই ইউনিয়নের ১১টি গ্রামের ১৫ হাজার লোকজন ভোগান্তির শিকার হচ্ছেন।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, কাটলা ইউনিয়নের দক্ষিণ অংশে শাখা যমুনা নদীর পশ্চিম পাশে রয়েছে চৌঘুরিয়া, ঘাসুরিয়া, দামোদরপুর, রণগ্রাম, রামচন্দ্রপুর ও বাসুপাড়া গ্রাম। এ ছাড়া খট্টামাধবপাড়া ইউনিয়নের দক্ষিণ অংশে শাখা যমুনা নদীর পূর্ব পাশে রয়েছে নয়ানগর, বালুপাড়া, মাধবপাড়া, ঘনশ্যামপুর ও মংলা গ্রাম।

এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ওই সব গ্রামের মানুষ শুষ্ক মৌসুমে চৌঘুরিয়া ঘাট দিয়ে নৌকায় যাতায়াত করে। অন্য সময়, বিশেষ করে বর্ষা মৌসুমে ওই ১১ গ্রামের লোকজনকে দুই থেকে তিন কিলোমিটার ঘুরে কাটলা সেতু দিয়ে যাতায়াত করতে হয়। কিন্তু কাটলা অংশের গ্রামগুলো থেকে পাকা সড়ক প্রায় দেড় কিলোমিটার দূরে। ফলে বর্ষাকালে ওই সব গ্রামের লোকজনকে চরম ভোগান্তি পোহাতে হয়।

চৌঘুরিয়া ঘাটে গিয়ে দেখা যায়, লোকজন নৌকায় করে নদী পার হচ্ছেন। চৌঘুরিয়া গ্রামের সামছুল হক (৬৫) বলেন, ‘হাত পঞ্চাশেক এনা ব্রিজ তাই কেউ তৈির করে না। ঘাটের নৌকা সময়মতো মেলে না। কখনো পশ্চিমোত, কখনো পুবোত। সবাই (এমপি, চেয়ারম্যান, মেম্বার) ইলেকশন আলি ব্রিজ করবা চায়। ইলেকশন ফুরালে সবাই ভুলে যায়।’

ঘাসুরিয়া গ্রামের পান ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, নদীর পশ্চিম পাশের কাটলা ইউনিয়নের বেশির ভাগ গ্রামেই প্রচুর পান উৎপন্ন হয়। এসব পান বেশির ভাগ বিক্রি হয় হিলির কয়েকটি হাট-বাজারে। তাই এসব গ্রামের লোকজন চৌঘুরিয়া ঘাট দিয়ে বেশি যাতায়াত করে। সাঁকো না থাকায় নৌকা দিয়ে পারাপার হতে ভাড়া দিতে হয়। এ ছাড়া নৌকায় করে ঠিক সময় প্রয়োজনীয় পণ্য পরিবহন করা সম্ভব হয় না।

স্কুলশিক্ষক সাইফুল ইসলাম বলেন, তিনি প্রতিদিন মোটরসাইকেল নিয়ে চৌঘুরিয়া যান। ঘাটে মোটরসাইকেল পারাপার করতে ১০ টাকা করে দিতে হয়। মোটরসাইকেল নৌকায় ওঠানো-নামানোর সময় প্রায়ই নদীতে পড়ে যায়।

ঘাটের ইজারাদার নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, ৩০ বছর ধরে তিনি এ ঘাটের ইজারাদার। এ বছর কাটলা ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে ৩০ হাজার টাকায় এ ঘাট ইজারা নিয়েছেন। নদী পারাপারে জনপ্রতি ৩ টাকা, সাইকেল ৫ টাকা ও মোটরসাইকেলে ১০ টাকা নেন। এ ছাড়া হাট-বাজারে নিয়ে যাওয়া কাঁচামাল পরিমাণ অনুযায়ী হাসিল নেন। তবে গরিবদের কাছ থেকে টাকা আদায় করেন না। প্রতিদিন গড়ে তিন শতাধিক লোক ঘাট দিয়ে যাতায়াত করেন।

কাটলা ইউপির চেয়ারম্যান নাজির হোসেন ও খট্টামাধবপাড়া ইউপির চেয়ারম্যান মোকলেছুর রহমান বলেন, চৌঘুরিয়ায় সেতু নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন তঁারা।

বিরামপুর উপজেলা প্রকৌশলী মো. মাহমুদ জামান প্রথম আলোকে বলেন, ওই স্থানে সেতু প্রয়োজন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

জানতে চাইলে স্থানীয় সাংসদ শিবলী সাদিক বলেন, চৌঘুরিয়া ঘাটে সেতু নির্মাণের বিষয়ে তিনি মন্ত্রণালয়ে কথা বলেছেন। দ্রুত চৌঘুরিয়া ঘাটে সেতু নির্মাণের কার্যক্রম শুরু হবে।